র‌্যাবের কার্যক্রম নিয়মের মধ্যে পরিচালিত হওয়া উচিত: সুলতানা কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কার্যক্রম একটি কার্যবিধি দ্বারা নিয়মের মধ্যে পরিচালিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল।ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আজ বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুলতানা কামাল এ কথা বলেন। আসকের ২৫ বছর পূর্তির উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।র‌্যাবের কার্যক্রম সম্পর্কে সুলতানা কামাল বলেন, ‘যেখানে পুলিশের পক্ষে পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয়, র‌্যাব সেখানে বিশেষ পরিস্থিতিতে ভূমিকা পালন করবে। এ কারণেই এলিট ফোর্স হিসেবে র‌্যাব গড়ে উঠেছিল। কিন্তু এখন চাঁদাবাজি, জমি, দখলসহ নানা অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়ছে র‌্যাব। অনেকেই অভিযোগ করেছেন, তাঁদের স্বজনদের ধরে নিয়ে যাচ্ছে র‌্যাব। ক্রসফায়ারের ঘটনাগুলো নিয়েও বিতর্ক আছে। পরিস্থিতি থেকে উত্তরণে র‌্যাবের কার্যক্রম নিয়মের মধ্যে আনা উচিত।সুলতানা কামাল বলেন, ‘সবার সহযোগিতায় আইন ও সালিশ কেন্দ্র ২৫ বছর পূর্ণ করল। ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর থেকে গত ২৫ বছর আসক জনগণের মৌলিক মানবাধিকার রক্ষায় কাজ করেছে। নারী নির্যাতন, শিশু নির্যাতন, ফতোয়ার নামে বিচারবহির্ভূত শাস্তি প্রদান, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় নির্যাতন, ধর্মীয় এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নির্যাতন, আদিবাসীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিতকরণসহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ছিলাম আমরা। অনেক অর্জনের সঙ্গে আসক সরাসরি জড়িত।’সুলতানা কামাল বলেন, ‘এত কিছুর পরও প্রতিদিনই ঘটছে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য ঘটনা। আদিবাসীরা সাংবিধানিক স্বীকৃতির জন্য দীর্ঘদিন ধরে যে দাবি জানিয়ে আসছে, তা এখনো উপেক্ষিত। নারীদের সম-অধিকার এখনো অর্জিত হয়নি। এখনো শিশুশ্রম আর শিশু নির্যাতন চলে অবলীলায়। নারী নির্যাতন বেড়েছে বহুগুণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে প্রকৃত গণতন্ত্রায়ন ঘটেনি একেবারেই, কমেনি মৌলবাদী জঙ্গিদের তত্পরতা, সম্পন্ন হয়নি যুদ্ধাপরাধের বিচার, বন্ধ হয়নি ফতোয়াবাজি কিংবা ক্রসফায়ারের মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বন্ধ হয়নি গুম, অপহরণ, রিমান্ডের নামে নির্যাতন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।সুলতানা কামাল বলেন, ‘২৫ বছর পূর্ণ করা একটি সংগঠনের জীবনে নিঃসন্দেহে বিরাট গুরুত্ব বহন করে। তাই সময়টিকে স্মরণীয় করে রাখতে ২০১১ সালে বিভিন্ন কর্মকাণ্ড এবং অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। সারা বছর ধরে পোস্টার, প্রকাশনা, গ্রন্থ প্রকাশনা, পাঠচক্র, কর্মশালা, প্রশিক্ষণ ইত্যাদির পাশাপাশি ২৩ ও ২৪ সেপ্টেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।সংবাদ সম্মেলনে আসকের পরিচালক নূর খান লিটন ও উপপরিচালক মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।১৯৮৬ সালে মানুষের অধিকার প্রতিষ্ঠার ব্রত নিয়ে আইনজীবী সালমা সোবহান, আমিনুল হক, আইনজীবী আমীর-উল ইসলাম, বিচারপতি কে এম সোবহান এবং হামিদা হোসেন, মো. আবদুল খালেক, ফজলে হাসান আবেদ, খুরশিদ এরফান আহমেদ ও তাহেরুন্নেছা আবদুল্লাহ—বিশিষ্ট এই ব্যক্তিরা আইন ও সালিশ কেন্দ্র (আসক) প্রতিষ্ঠা করেছিলেন। এ বছর প্রতিষ্ঠানটির ২৫ বছর পূর্তি হচ্ছে।