র‌্যাবের কোনো ‘ক্রসফায়ার’ আইনবহির্ভূত নয়: র‌্যাব ডিজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, র‌্যাব প্রতিষ্ঠার পর গত ছয় বছরে ৬২২ জন ‘ক্রসফায়ারে’ মারা গেছে। চলতি বছরের প্রথম দুই মাসে মারা গেছে ১৪ জন। তবে তিনি দাবি করেন, ‘প্রতিটি ঘটনার ক্ষেত্রে আইনানুগ তদন্ত হয়েছে। কোনোটাই আইনবহির্ভূত নয়। সবকিছু আইনের কাঠামোতে সম্পন্ন হয়েছে।’আজ রোববার উত্তরায় র‌্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে র‌্যাবের মহাপরিচালক এ কথা বলেন। র‌্যাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘র‌্যাব বিধি’ ভঙ্গের জন্য ৮৫০ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৪০০ জনকে কারাদণ্ড, চাকরিচ্যুতসহ বিভিন্ন গুরুদণ্ড দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, জঙ্গিবাদ ও মাদক ব্যবসাসহ সব অপরাধ র‌্যাবের নিয়ন্ত্রণে আছে। গত ছয় বছরে র‌্যাব ১৭ হাজার ৭৫২ জনকে গ্রেপ্তার করেছে। প্রসঙ্গত, ২০০৪ সালের ২৬ মার্চ র‌্যাব প্রতিষ্ঠিত হয়।