র্যাবের গুলিতে দুই যুবক আহত
রাজধানীর ওয়ারি এলাকায় আজ সোমবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গুলিতে দুই যুবক আহত হয়েছে। র্যাব জানিয়েছে, আহতেরা ছিনতাইকারি। সিএনজি অটোরিক্সা ছিনতাই করার সময় র্যাব গুলি চালালে তারা আহত হন। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। র্যাব সূত্র জানায়, আজ রাত সাড়ে আটটার দিকে ওয়ারির বলধা গার্ডেনের কাছে চারজন ছিনতাইকারি সিএনজি চালিত একটি অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টা করে। এক পর্যায়ে ওত পেতে থাকা র্যাব-১০ এর একটি দল বাঁধা দিতে গেলে ছিনতাইকারিরা তাদের ওপর হামলা চালায়। এ সময় র্যাব গুলি চালালে ছিনতাইকারি মফিজ চৌধুরী (২৫) ও নজরুল ইসলাম (২৮) আহত হন। তাদের পায়ে একটি করে গুলি লাগে। র্যাব ধাওয়া করে অন্য দুজনকে গ্রেপ্তার করে। পরে র্যাব গুলিবিদ্ধ দুই ছিনতাইকারিকে গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের কাছ থেকে একটি রিভলবার ও দুটি চাপাতি উদ্ধার করেছে। র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এনামুল কবির প্রথম আলোকে জানান, কিছুদিন ধরে ওয়ারি এলাকায় মলম পার্টির সদস্যরা চালকের চোখে মলম ডলে অটোরিক্সা ছিনতাই করছে। এরই ভিত্তিতে র্যাব-১০ এর একটি ওই এলাকায় সাদা পোশাকে দায়িত্ব পালন করছে।