রাজধানীর মতিঝিলে গত মঙ্গলবার গভীর রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের গুলিতে হুমায়ুন কবির ওরফে বিপ্লব (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। র্যাব বলছে, হুমায়ুন নগরের শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী এবং র্যাবের সঙ্গে গোলাগুলির সময় তাঁর মৃত্যু হয়েছে। তবে হুমায়ুনের স্ত্রী শিরিন কবিরের দাবি, র্যাব তাঁকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে। হুমায়ুন ব্যবসায়ী ছিলেন বলেও দাবি করেছেন শিরিন।র্যাবের উপসহকারী পরিচালক মিজানুর রহমান হুমায়ুন কবিরের মৃত্যুর পর তাঁর বিরুদ্ধে মতিঝিল থানায় অস্ত্র আইনে মামলা করেছেন।মামলার উদ্ধৃতি দিয়ে গতকাল বুধবার বিকেলে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) নাসিরউদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পাঁচ-ছয়জন যুবক মতিঝিলের ঝিলপাড় মাঠে বসে কথা বলছিলেন। একপর্যায়ে র্যাবের একটি দল সেখানে গেলে তাঁরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। র্যাবও পাল্টা গুলি চালায়। পরে র্যাব গুলিবিদ্ধ অবস্থায় একজন ঘটনাস্থলে পড়ে আছেন বলে মতিঝিল থানায় খবর দিলে উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র দেখে তাঁর নাম হুমায়ুন কবির ওরফে বিপ্লব বলে জানা যায়। এসআই নাসিরউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করে। তিনি বলেন, হুমায়ুনের বিরুদ্ধে একটি হত্যা ও দস্যুতার অভিযোগে মামলা রয়েছে।গতকাল র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হুমায়ুন কবির শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী। তিনি ১৫-১৬ বছর ধরে রাজধানীর মতিঝিল, রমনা, পল্টন, খিলগাঁও, সবুজবাগ এলাকায় খুনসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হলেও মতিঝিল ছাড়া বাকি থানার ওসিরা জানান, হুমায়ুন কবিরের বিরুদ্ধে তাঁদের থানায় কোনো মামলা নেই।র্যাব-৩-এর পরিচালক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘র্যাবের উপসহকারী পরিচালকের বক্তব্যই র্যাবের বক্তব্য। নিহত হুমায়ুন কবিরের বিরুদ্ধে মতিঝিল ও রমনা থানায় মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে সন্ত্রাসের বহু অভিযোগ আছে।’তবে নিহত হুমায়ুনের স্ত্রী গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে বিলাপ করে বলেন, র্যাবের সঙ্গে তাঁর স্বামীর কোনো গোলাগুলি হয়নি। ঘটনা র্যাবের সাজানো। শিরিনের দাবি, র্যাব হুমায়ুনকে বাসার সামনে থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে। তিনি বলেন, হুমায়ুন ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন এবং বোতলজাত পানির ব্যবসা করতেন।ঘটনার বর্ণনা দিয়ে শিরিন বলেন, রাত সাড়ে ১০টার দিকে হুমায়ুন তাঁকে ফোন করে বলেন, বাসার জন্য কেনাকাটা করে তিনি কিছুক্ষণের মধ্যেই ফিরবেন। রাত সোয়া ১১টার দিকে হুমায়ুন ১৩৮/সি রামপুরার বাসার সামনে এসে অন্যদিনের মতো মোটরসাইকেলের হর্ন বাজিয়ে দরজা খুলতে বলেন। শিরিন বলেন, তিনি দরজা খুলে দেখেন, র্যাব তাঁর স্বামীকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে এবং মোটরসাইকেলটি গাড়ির পেছনে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর সারা রাত খোঁজ করেও হুমায়ুনের সন্ধান পাওয়া যায়নি। গতকাল সকালে মতিঝিল থানার পুলিশ তাঁকে ফোন করে হুমায়ুনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পড়ে আছে বলে জানায়। এরপর তাঁরা গিয়ে লাশ শনাক্ত করেন।শিরিন বলেন, বিএনপি সরকারের সময় হুমায়ুনের বিরুদ্ধে ‘রাজনৈতিক কারণে ষড়যন্ত্রমূলক’ দুটি মামলা হয়েছিল। তিনি ওই মামলায় খালাস পান। এ ছাড়া তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। শিরিন তাঁর স্বামী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।প্রত্যক্ষদর্শী এলাকার একজন বাসিন্দা জানান, রাত সোয়া ১১টার দিকে হুমায়ুন মোটরসাইকেলে করে নিজের বাসার কাছে একটি দোকানের সামনে এসে নামেন। সেখানে তাঁদের সঙ্গে কথা বলার পর বাসার সামনে যান। এ সময় র্যাবের একটি মাইক্রোবাস আসে এবং অনেক লোকের সামনে কালো কাপড়ে হুমায়ুনের চোখ বেঁধে গাড়িতে তুলে নেয়।