শুধু লিমন নয়, লিমনের বাবা-মা, ভাইবোন সবার সঙ্গে সন্ত্রাসী মোরশেদ জমাদ্দার, তাঁর বাহিনী ও তাঁর স্ত্রীর যোগাযোগ আছে। এই দাবি করেছে পুলিশের বিশেষ ব্যাটালিয়ন র্যাব। গতকাল সোমবার র্যাবের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই দাবির কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল।র্যাবের পরিচালক বলেন, লিমনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে গঠিত র্যাবের দুটিসহ চারটি তদন্ত কমিটির প্রতিবেদন তাঁদের হাতে এসেছে। সেসব তদন্তে লিমনের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করার কোনো প্রমাণ মেলেনি। এতে দেখা গেছে, সন্ত্রাসী মোরশেদ জমাদ্দার বাহিনীর সঙ্গে র্যাবের গোলাগুলির সময় মোরশেদের সহযোগী লিমনও গুলিবিদ্ধ হয়।র্যাবের এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। প্রথম আলোকে তিনি বলেন, ‘এখন বিষয়টি আদালতে বিচারাধীন আছে। মামলা আদালতে থাকা অবস্থায় তাঁরা কেন এ ধরনের বিবৃতি দিয়ে যাচ্ছেন, এটা কি আইনের চোখে তাঁরা সঠিক কাজ করছেন? এই প্রশ্ন তাঁদের নিজেদেরই করতে হবে।’ সুলতানা কামাল বলেন, ‘নিয়ম হলো, মামলা যদি চলতে থাকে, তা হলে পক্ষ-বিপক্ষ মহামান্য আদালতের কাছে বিচার দেবে। আদালত তা বিবেচনা করে যে সিদ্ধান্ত দেবেন, সেটাই রায় হিসেবে বিবেচিত হবে। এখন কারোরই এখতিয়ার নেই বলার যে, সে (লিমন) সন্ত্রাসী। কেউ তদন্ত করতে পারেন, পরে কোনো সময় তা প্রমাণিতও হতে পারে। তবে এই মুহূর্তে বলাটা আইন ও বিচারব্যবস্থাকে প্রভাবান্বিত করার চেষ্টা বলে গণ্য হবে।’ গত রাতে বিবিসিকেও তিনি এসব কথা বলেন।প্রবীণ সাংবাদিক এবিএম মূসা প্রথম আলোকে বলেন, ‘আমার তো মনে হয়, এই তদন্ত প্রতিবেদনে কী থাকবে, তার আভাস আমরা আগেই পেয়ে গেছি স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টার মুখ থেকে। এই প্রতিবেদনে নতুন আর কিছুই নেই।’সংবাদ সম্মেলন: র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানও সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) এ এফ এম জাহাঙ্গীর আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আফতাবউদ্দীন আহমেদ, পরিচালক (অপারেশন্স) মাঈনুদ্দীন মামুদ চৌধুরী, পরিচালক (গোয়েন্দা শাখা) জিয়াউল আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।পত্রিকার নাম উল্লেখ না করে একটি কপি হাতে নিয়ে এম সোহায়েল দাবি করেন, পত্রিকাটিতে র্যাবের মহাপরিচালকের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি লিমনকে কেন্দ্র করে দেশব্যাপী র্যাবের বিরুদ্ধে সমালোচনার ঝড় তোলার জন্য ওই পত্রিকাকে দায়ী করে বলেন, লিমন ইস্যু তৈরি করে সরকারকে বিপদে ফেলার ছক তৈরি করেছেন পত্রিকাটির ঝালকাঠির রাজাপুর প্রতিনিধি।লিমনের খবর দেশের সব সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলে প্রচারিত হলেও এম সোহায়েল বা র্যাবের অন্য কোনো কর্মকর্তা এসব নিয়ে কোনো কথা বলেননি।ওই পত্রিকার কোনো সাংবাদিককে তদন্ত কমিটির কোনো সদস্য জিজ্ঞাসাবাদ করেছেন কি না, প্রশ্ন করা হলে র্যাবের পরিচালক তা এড়িয়ে যান। তিনি বলেন, র্যাবের কাজে বিভ্রান্তি সৃষ্টির জন্য একটি চক্র সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে। তবে এই চক্রে কারা জড়িত, তা তিনি জানাননি। পরিচালক বলেন, ‘আমি কখনো বলব না, র্যাবের কাজে কোনো ব্যত্যয় ঘটবে না। ১০টি ভালো কাজ করলে একটি ভুল হতেই পারে। র্যাব আইনের ঊর্ধ্বে নয়।’মহাপরিচালক বলেন, লিমন আহত হওয়ার পর গত ১১ এপ্রিল সংবাদ সম্মেলনে তিনি যেসব বক্তব্য দিয়েছেন, গণমাধ্যমে তা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।মহাপরিচালকের দাবি, তিনি বলেছিলেন, ‘আপনারা মনে করেন যে লিমন একটা ছোট ছেলে। আমরা তো বলছি না সে কোনো খারাপ, দুর্ধর্ষ, সন্ত্রাসী, অমুক—এ রকম কিছু আমরা দেখছি না।... সে ঘটনার শিকার, আপাতত তাই মনে হচ্ছে।’ আর সংবাদমাধ্যমে তাঁর এই বক্তব্য ছাপা হয়েছে এভাবে: ‘লিমন একটি ছোট ছেলে, সে সন্ত্রাসী নয়, সে ঘটনার শিকার।’মহাপরিচালক তাঁর বক্তব্যে বিভিন্ন অপরাধ দমনে র্যাবের সাফল্য তুলে ধরেন। এরপর তিনি বক্তব্য দেওয়ার জন্য এম সোহায়েলের দিকে মাইক্রোফোন সরিয়ে দেন।বক্তব্যের শুরুতেই এম সোহায়েল মহাপরিচালকের বক্তব্যের ব্যাখ্যা দেন এবং ‘ঘটনার শিকার’ শব্দ দুটির অর্থ বুঝিয়ে দেন। তিনি বলেন, ‘লিমন দুর্ধর্ষ সন্ত্রাসী না’ আর ‘লিমন সন্ত্রাসী না’ এই দুটি বাক্যের মধ্যে অনেক পার্থক্য। বিশেষ করে একটি বহুল প্রচারিত পত্রিকা মহাপরিচালকের এই বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করেছে।র্যাবের মহাপরিচালক এর আগে বলেছিলেন, লিমন ‘ঘটনার শিকার’। এর ব্যাখ্যা দিতে গিয়ে র্যাবের পরিচালক বলেন, ‘ঘটনার শিকার’ বলতে মহাপরিচালক বুঝিয়েছেন, সেখানে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।লিমন সন্ত্রাসী মোরশেদের সঙ্গে ঘটনাস্থলে ছিল উল্লেখ করে পরিচালক বলেন, গত ২৩ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রাজাকার চেয়ারম্যান পদপ্রার্থী নূর মিয়ার পক্ষ নিয়ে সন্ত্রাসী মোরশেদ ওই এলাকায় এসেছিলেন। যখন র্যাব অভিযান চালায়, তখন মোরশেদের কাছে গুলিভর্তি দুটি অস্ত্র ছিল, সঙ্গে ছিল আরও সাতজন সহযোগী। তাদেরই একজন লিমন হোসেন। তবে তার কাছে কোনো অস্ত্র ছিল না। মোরশেদ বাহিনীর সঙ্গে গোলাগুলির পর যখন লিমনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়, তখন তার জীবন বাঁচানোর জন্য র্যাব আপ্রাণ চেষ্টা করেছে।সোহায়েল বলেন, গুলিবিনিময় হতেই পারে, ‘এটা আইনের কাঠামোতেই রয়েছে। ঘটনার ১২ দিন পর একটি বহুল প্রচারিত পত্রিকা এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনটি নিয়েই আমাদের তদন্ত চলছে। সেখানে লিমনের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করার যে তথ্য ছাপানো হয়েছে, তা পুরোটাই মিথ্যা। এটা সম্পূর্ণ ভিত্তিহীন।’চারটি প্রতিবেদন র্যাবের হাতে এসেছে দাবি করা হলেও সংবাদ সম্মেলনে তার কোনোটাই উপস্থাপন করা হয়নি।‘তদন্তে পাওয়া’ তথ্যের উদ্ধৃতি দিয়ে সোহায়েল বলেন, শুধু লিমন নয়; তার বাবা-মা, ভাই-বোন—সবার সঙ্গেই মোরশেদ ও তাঁর স্ত্রীর যোগাযোগ রয়েছে। এক-দুই দিনের হঠাৎ যোগাযোগ নয়। তারা নিয়মিতই মোরশেদের সঙ্গে যোগাযোগ রাখত, এ রকম প্রমাণ র্যাবের কাছে আছে। লিমনের বাবা নিজে তাঁর পরিবারের সদস্যদের বলেছেন সবার মুঠোফোন থেকে সন্ত্রাসী মোরশেদের নম্বর মুছে ফেলতে।মোরশেদকে এত দিনে কেন গ্রেপ্তার করেননি, জানতে চাইলে র্যাবের পরিচালক বলেন, বলতে গেলে তাঁরা ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন।ঘটনাস্থলে তো র্যাবের সদস্যরা বড় অস্ত্র নিয়ে গিয়েছিলেন। তাহলে লিমন ছোট অস্ত্রের গুলিতে বিদ্ধ হলো কী করে, জানতে চাইলে এম সোহায়েল বলেন, ‘তদন্তের স্বার্থে এখনই এত কিছু বলব না। কার গুলিতে সে বিদ্ধ হয়েছে, তা তদন্তসাপেক্ষ বিষয়।’এক প্রশ্নের জবাবে সোহায়েল জানান, এ পর্যন্ত র্যাব সদর দপ্তর, ব্যাটালিয়ন সদর দপ্তর, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবেই হাতে পেয়েছে র্যাব। নির্বাহী ম্যাজিস্ট্রেটের করা তদন্ত প্রতিবেদনে লিমনের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করার কোনো প্রমাণ পাওয়া যায়নি।সোহায়েল বলেন, লিমনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তিনটি মামলা হয়েছে। মামলাগুলোতে আসামি হয়েছেন মোরশেদ জমাদ্দার, লিমনসহ আটজন। তবে একটি বিশেষ পত্রিকা শুধু লিমনের বিরুদ্ধে মামলার কথা বারবার উল্লেখ করায় আসল অপরাধীরা ফায়দা লুটছে।সংবাদ সম্মেলনে সোহায়েল বলেন, একটি পত্রিকার স্থানীয় প্রতিনিধি সার্বক্ষণিক পরামর্শ দিয়ে গেছেন লিমনের পরিবারকে। তিনি চেষ্টা করেছেন সার্বিকভাবে ইস্যুটাকে বড় করে সরকারকে বিপাকে ফেলার। তদন্ত কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরেছে। অনেক ক্ষেত্রে ওই প্রতিনিধি তাঁর ঢাকার কর্তৃপক্ষকে বিভ্রান্ত করেছেন, মিথ্যা ও বিকৃত তথ্য দিয়েছেন। ওই প্রতিনিধি লিমন ও তার পরিবারকে লাখ লাখ টাকা, বিভিন্ন রকম সুযোগ-সুবিধার লোভ দেখিয়েছেন। শিখিয়ে দিয়েছেন কোথায় কী বলতে হবে।সোহায়েল বলেন, আইনবহির্ভূত কাজের জন্য এ পর্যন্ত এক হাজার ১০০ র্যাব সদস্যের সাজা হয়েছে, ৭৬ জনকে বরখাস্ত ও ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। র্যাবের কোনো সদস্য অন্যায় করলে এবং এর তথ্য-প্রমাণ পাওয়া গেলে সে ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয় না।অভিমত: সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, ‘তারা (র্যাব) আগে যে কথা বলেছিল, এখন তার বিপরীত কথা বলছে। তাই এসব কথার বিশ্বাসযোগ্যতা নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের নিজস্ব তদন্ত আছে। সেখান থেকে আমরা বলেছিলাম, গোলাগুলি হলে সেখানে তো আর একটা গুলি থাকে না। আশপাশে অনেকগুলো গুলি ছোড়ার আলামত থাকতে হয়। কোথাও কোনো গুলি লাগেনি, কোনো রকম গুলির খোসা পাওয়া যায়নি বা তারা বলেনি যে গুলি উদ্ধার হয়েছে।’সুলতানা কামাল বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্য উপদেষ্টারা এটা নিয়ে কথা বলে যাচ্ছেন। আমার প্রশ্ন, এ কাজ কি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার?এক প্রশ্নের জবাবে সুলতানা কামাল বলেন, ‘তারা যদি নিজেদের তদন্ত অনুযায়ী প্রতিবেদন করেও থাকে, তবু বলা যায়, এই তদন্তগুলো হচ্ছে র্যাবের, শাসন বিভাগের ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। তারা তো সবাই একই পক্ষ। এ ঘটনায় প্রমাণিত হয়, একটা বাচ্চা ছেলেকে সন্ত্রাসী বানাতে তারা ভীষণভাবে মরিয়া হয়ে উঠেছে।’