র্যাবের ধাওয়ায় পড়ে গিয়ে বুকে ব্যথা, অতঃপর মৃত্যু
খুলনা সিটি করপোরেশনের নির্বাচন চলাকালে খালিশপুর এলাকায় বিধি ভেঙে একদল লোক মিছিল বের করে। এ সময় র্যাবের ধাওয়ায় পড়ে যান মো. শাহ আলম (৪৫) নামের এক ব্যক্তি। এরপর বুকে ব্যথা অনুভব করেন। একপর্যায়ে তিনি মারা যান। স্থানীয় ক্রিসেন্ট জুট মিলের ফিনিশিং বিভাগে সরদার হিসেবে কর্মরত ছিলেন শাহ আলম।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে খালিশপুর এলাকায় কাউন্সিলর প্রার্থী সামসুল আলমের পক্ষে প্রায় দুই শতাধিক লোকের একটি মিছিল বের হয়। এ সময় র্যাবের একটি দল মিছিলকারীদের ধাওয়া করে। মিছিলকারীরা পালানোর সময় মো. শাহ আলম পড়ে যান। শাহ আলমের সহকর্মী খলিলুর রহমান বলেন, ‘আমরা ২০০ জনের মতো লোক মিলে একটি মিছিল বের করেছিলাম। আইন ভেঙে মিছিল বের করাটা ঠিক হয়নি।’ র্যাবের ধাওয়া খেয়ে মিছিলকারীরা যে যেদিকে পারেন, পালাতে থাকেন। এ সময় শাহ আলম পড়ে যান। অসুস্থ বোধ করলে তাঁকে ত্রিসেন্ট জুট মিল চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ক্রিসেন্ট জুট মিলের চিকিৎসাকেন্দ্রের স্বাস্থ্য সহকারী মো. সেলিম রেজা জানান, শাহ আলমের শরীরে কোনো আঘাত ছিল না। তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন। গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়ার পরও ব্যথা না যাওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।শাহ আলমের সহকর্মী খলিলুর রহমান জানান, পরে তাঁকে স্থানীয় সোনাডাঙ্গা খুলনা সার্জিক্যাল নামের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন। ক্লিনিকটির চিকিৎসক গাজী মিজানুর রহমানের ভাষ্য, পথেই রোগী মারা গেছেন।খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকালের দিকে খালিশপুর এলাকায় আইনবহির্ভূতভাবে একটি মিছিল বের হলে র্যাব ধাওয়া করে। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। কারও মারা যাওয়ার তথ্য তাঁর জানা নেই।