র‌্যাবের নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে র‌্যাব। কোথাও কোনো ধরনের সহিংস বা অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না বলেও জানিয়েছে তারা। এ জন্য পুরো নারায়ণগঞ্জই র‌্যাবের পর্যবেক্ষণে আছে।নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শহীদ মিনারে র‌্যাবের আইন ও জনসংযোগ শাখার পরিচালক এম সোহায়েল সাংবাদিকদের এসব কথা বলেন।নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচন হওয়ায় তিনি নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলাবাহিনী—সবার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে।নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ কোনো কৌশল ছিল কি না, জানতে চাইলে সোহায়েল বলেন, ‘আমরা ১৬৩টি কেন্দ্রকে সমানভাবেই গুরুত্বপূর্ণ মনে করেছি। সব জায়গায় গোয়েন্দা সংস্থার লোকজন ছিল। প্রতিটি কেন্দ্রে আমাদের র‌্যাবের লোকজন ছিল। পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও র‌্যাবের মধ্যে চমত্কার সমন্বয় ছিল।’সোহায়েল বলেন, ‘সেনাবাহিনী না আসার সিদ্ধান্তের পর পুরো দায়িত্ব পেয়েছিল র‌্যাব। আমাদের ওপর কোনো ধরনের চাপ ছিল না। বরং একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল। আমরা সেই কাজটিই করেছি।’নারায়ণগঞ্জে কোথাও যেন অপ্রীতিকর কিছু না ঘটে, তাই আজও র‌্যাব থাকবে। কাল থেকে কিছু কিছু করে চলে যাবে।