কিশোরগঞ্জের ভৈরবে গত শুক্রবার র্যাবের অভিযান চলাকালে রহিমা বেগম (৪০) নামের এক নারীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। র্যাবের প্রধান কার্যালয়ের নির্দেশে আজ রোববার এ দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।র্যাবের প্রধান কার্যালয় থেকে উইং কমান্ডার জাকির হোসেনকে প্রধান করে একটি এবং র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার আরমান চৌধুরীকে প্রধান করে দ্বিতীয় কমিটি গঠন করা হয়। দুটি কমিটিরই সদস্যসংখ্যা তিনজন করে।ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রধান কার্যালয়ে জমা দেবে তারা। র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের অধিনায়ক গাজী মোহাম্মাদ আহসানুল হক মুঠোফোনে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।এদিকে ঘটনার তিন দিন পরও গুলিবিদ্ধ রহিমা বেগমের জ্ঞান ফেরেনি। তবে আজ সকালে তাঁর সফল অস্ত্রোপচার হয়েছে। তাঁকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।র্যাবের পক্ষ থেকে রহিমা বেগমের চিকিৎসার সার্বক্ষণিক পর্যবেক্ষণের দায়িত্বে আছেন র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩-এর মেজর বাহালুল আলম। মুঠোফোনে তিনি প্রথম আলোকে জানান, আজ সকাল সাড়ে আটটা থেকে রহিমা বেগমের অস্ত্রোপচার শুরু হয়ে সাড়ে ১০টায় শেষ হয়। অস্ত্রোপচার সফল হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে তাঁরা তাঁর শরীরের সার্বিক অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করেননি। আঘাতটি মস্তিষ্কে হওয়ায় এ ব্যাপারে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না।অন্যদিকে র্যাবের মাদকবিরোধী অভিযানের সময় রহিমা বেগমের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার কারণ অনুসন্ধানে নেমেছে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ভৈরব শাখা। সংস্থাটি আজ সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বেশ কিছু পরিবারের সাক্ষ্য নেয়।রহিমার পরিবারের পক্ষ থেকে মামলা হলে মানবাধিকার সংস্থা ভৈরব শাখার পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান।র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি সূত্র জানায়, ভৈরব থানায় রহিমা বেগমের বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও ২০০১ সালে ঢাকার মতিঝিল থানায় মাদক আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তিনি গ্রেপ্তার হন এবং তিন মাস জেল খাটেন।প্রসঙ্গত, র্যাব দাবি করেছে, মাদকবিরোধী অভিযানের সময় র্যাবের এক সদস্যের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে পিস্তল কেড়ে নেওয়ার চেষ্টা করেন রহিমা। এ সময় পিস্তল থেকে একটি গুলি বের হয়ে তাঁর মাথার বাঁ পাশে বিদ্ধ হয়। রহিমা একজন মাদক ব্যবসায়ী।তবে আহত রহিমার স্বজনদের অভিযোগ, ওই নারীর মাথা লক্ষ্য করে গুলি ছুড়েছিলেন র্যাবের এক সদস্য। এতে তিনি আহত হন।