র‌্যাবের পাঁচ মাসের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে মাদক নির্মূলে অনান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৯) তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে। এ বছরের জানুয়ারি থেকে মে-এই পাঁচ মাসের তুলনামূলক পরিসংখ্যানে এ তথ্য পাওয়া যায়। র‌্যাবের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত র‌্যাব অবৈধ মাদকদ্রব্যের সঙ্গে ১১৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এই সময়ের মধ্যে র‌্যাবের উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে হেরোইন ১৯২ কেজি ২৯৩ গ্রাম, ফেনসিডিল ৮১৭৭ বোতল, গাঁজা ৫৬৭ কেজি ৪৮২ গ্রাম, অফিসার চয়েজ ১৫৮১ বোতল, বিয়ার ৫৪ বোতল, হুইস্কি ৩৮ বোতল, ইয়াবা বড়ি ৮৩টি এবং দেশি মদ ১৫৫ লিটার।ওই একই সময়ের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট ১৯৪টি স্থানে অভিযান চালিয়ে ৩০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় ৬ গ্রাম হেরোইন, ১১০ বোতল ফেনসিডিল, অফিসার চয়েজ ও বিলেতি মদ ২৭৯ বোতল, গাঁজা ৩১ কেজি ৬০ গ্রাম এবং চোরাই মদ ৫৬ লিটার উদ্ধার করেছে। মামলা দায়ের করেছে ৫৮টি।সিলেট রেলওয়ে পুলিশ (জিআরপি থানা) জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত চারজনকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করেছে। চারটি মামলা দায়ের করেছে। যেখানে আলামত হিসেবে দেখানো হয়েছে অভিযানে উদ্ধারকৃত ১৭২ পুরিয়া হেরোইন। অন্যদিকে পুলিশ ও বাংলাদেশ রাইফেলস ব্যাটালিয়নের সদস্যরা গত পাঁচ মাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করলেও র‌্যাবের তুলনায় তা কম বলে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।