ঝালকাঠির এইচএসসি পরীক্ষার্থী লিমন হোসেনের ওপর র্যাবের নির্যাতনের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হবে। র্যাবই এ তদন্ত করবে। পুলিশ সদর দপ্তরের সম্মেলন কেন্দ্রে গতকাল এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার এ কথা বলেন। বাংলা নববর্ষের নিরাপত্তা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও লিমনের ওপর নির্যাতনের ঘটনাটিই মুখ্য হয়ে ওঠে।র্যাবের বিরুদ্ধেই অভিযোগ, তাহলে র্যাব কেন তদন্ত করবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘ওই বাহিনীর কর্মকর্তাদের ওপর আমার আস্থা আছে। আমি আশা করি, তাঁরা নিরপেক্ষ তদন্ত করবেন। তাঁরা সত্য উদ্ঘাটন করতে পারবেন।’ঝালকাঠির রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে গত ২৩ মার্চ র্যাব লিমনকে ধরে পায়ে গুলি করে বলে অভিযোগ রয়েছে। পরে তার একটি পা কেটে ফেলতে হয়। এ ঘটনায় লিমনের মা হেনোয়ারা বেগম র্যাবের বিরুদ্ধে গতকাল রোববার ঝালকাঠির আদালতে মামলা করেন।এ ঘটনা নিয়ে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন সোচ্চার হলেও পুলিশ সদর দপ্তর এত দিন কোনো মন্তব্য করেনি। র্যাব সদর দপ্তর এ নিয়ে দেশের সব পত্রপত্রিকা ও টেলিভিশনে প্রচারিত খবরকে মিথ্যা ও বানোয়াট দাবি করে বিবৃতি দিয়েছে।অভিযোগ যেহেতু র্যাবের বিরুদ্ধে, কাজেই ওই বাহিনীকে দিয়েই তদন্ত করা সঠিক হবে কি না—সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, র্যাবের মধ্যে এমন অনেক কর্মকর্তা রয়েছেন, যাঁরা আন্তরিকভাবে কাজ করেন।র্যাবের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে, তারা নিরীহ মানুষকে গুলি করছে এবং ভাড়ায় মানুষ খুন করছে। কুমিল্লায় একজন চেয়ারম্যানকে এভাবে খুন করা হয়েছে—সাংবাদিকদের এমন মন্তব্যে আইজিপি বলেন, জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে এবং তা প্রমাণিত হলে অবশ্যই তাঁর বিচার হবে। এখানে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।লিমনকে গুলিবিদ্ধ করার ঘটনায় কীভাবে তদন্ত হবে, জানতে চাইলে আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেন, লিমনের ব্যাপারে পত্রপত্রিকায় প্রতিবেদন হয়েছে। আবার এ বিষয়ে সংশ্লিষ্ট বাহিনী থেকে একটি ভাষ্য এসেছে। ওই দুটি ভাষ্যের মধ্যে পার্থক্য আছে। বিষয়টি বিচারাধীন, এটি আদালতের নজরে এসেছে। এ ক্ষেত্রে আদালতেরও একটি বক্তব্য থাকবে।র্যাব গত কয়েক মাসে ২০-২৫ জনের হাঁটুর নিচে গুলি করেছে, এটা কী ধরনের প্রবণতা? আইজিপি বলেন, আইনের বাইরে অস্ত্র ব্যবহারের কোনো সুযোগ নেই। প্রতিটি ঘটনার তদন্ত হবে। সবাইকে জবাবদিহির আওতায় আসতে হবে। কেউ বিধিবহির্ভূত কাজ করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।র্যাব ঝালকাঠিতে গণমাধ্যমকর্মীদের কাজ করতে দিচ্ছে না, এ অভিযোগের ব্যাপারে পুলিশপ্রধান বলেন, এমন অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।ইউনিয়ন পরিষদ নির্বাচনে র্যাব দায়িত্ব পালনের নামে বাড়াবাড়ি করেছে বলে একজন সাংবাদিক মন্তব্য করেন। আইজিপি বলেন, র্যাব আইনের মধ্যে থেকেই সব কিছু করেছে।নববর্ষে নিরাপত্তা: সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, পয়লা বৈশাখ উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ। এ জন্য সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৩৩ হাজার সদস্য মোতায়েন থাকবে। রমনা বটমূলসহ ঢাকা ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজসার্কিট ক্যামেরার মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া এসব স্থানে আলাদাভাবে পর্যবেক্ষণ টাওয়ার বসানো হবে। পয়লা বৈশাখপূর্ব, পয়লা বৈশাখের দিন ও পয়লা বৈশাখ-পরবর্তী নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এখন থেকে বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি চলবে। বিভিন্ন স্থানে টহল পুলিশের নজরদারি আরও বাড়ানো হবে বলে তিনি জানান।সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, এসবির প্রধান জাবেদ পাটোয়ারি, অতিরিক্ত আইজিপি সৈয়দ শাহ জামান রাজ, ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।