র্যাবের বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
কুষ্টিয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) বিরুদ্ধে ইকবাল হোসেন (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকার আতিয়ার রহমানের ছেলে।ইকবালের বড় ভাই হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ইকবালের মৃত্যু হয়। তাঁর শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। হাফিজুর অভিযোগ করেন, র্যাব-১২-এর সদস্যরা ইকবালকে তাঁদের ক্যাম্পে নিয়ে পিটুনি দেন। এই পিটুনিতে ইকবালের মৃত্যু হয়।গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুষ্টিয়া র্যাবের ক্যাম্প থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বেলা দেড়টার দিকে র্যাবের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শহরের আড়ুয়াপাড়ার একটি গোরস্থানের পাশ থেকে পিস্তলসহ ইকবালকে আটক করে। তাঁর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে সাতটার দিকে র্যাবের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় ইকবালকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশরাফুল ইসলাম তাঁকে চিকিৎসা দেন। আশরাফুল ইসলাম মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, ‘রোগীর অবস্থা খুব খারাপ ছিল। বিপি পালস কাজ করছিল না। ১০ মিনিটের মধ্যেই রোগী মারা যান। প্রথমে মনে করা হয়েছে মারধরের কারণে এমনটি হয়েছে। মারের চিহ্ন ছিল—এমন নোট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) লিখে রাখেন। পিঠে মারধরের চিহ্ন দেখা গেছে।’খবর পেয়ে সাংবাদিকেরা হাসপাতালে গিয়ে জানতে পারেন, ইকবালকে ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে ছবি তুলতে গেলে র্যাবের সদস্যরা বাধা দেন। পরে সেখানে উপস্থিত ম্যাজিস্ট্রেট এস এম জামালের সহায়তায় ইকবালের ছবি ও ভিডিওচিত্র ধারণ করা হয়। পুলিশ লাশ মর্গে নিয়ে যায়। সেখানে ম্যাজিস্ট্রেট লাশের সুরতহাল প্রতিবেদন করেন।সুরতহালের ব্যাপারে জানতে চাইলে ম্যাজিস্ট্রেট এস এম জামাল সাংবাদিকদের বলেন, তিনি এ ব্যাপারে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবেন। প্রায় আধা ঘণ্টা পর তিনি বলেন, ‘যা বলার ওসি সাহেব বলবেন।’তখন ম্যাজিস্ট্রেটের পাশে থাকা কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান বলেন, ‘তদন্তের স্বার্থে এ মুহূর্তে সুরতহালের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।’ একপর্যায়ে ম্যাজিস্ট্রেট বলেন, ‘প্রাথমিকভাবে কিছুই পাওয়া যায়নি।’নিহত ইকবালের বড় ভাই ব্যবসায়ী হাফিজুর রহমান অভিযোগ করেন, ‘র্যাব অস্ত্রের নাটক সাজিয়ে ইকবালকে ক্যাম্পে নিয়ে পিটিয়ে হত্যা করেছে। এই সভ্য সময়ে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড চলতে পারে না। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেব।’ইকবালের মা হাসিনা রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলের বিরুদ্ধে কোনো কেস (মামলা) নাই। ছেলেকে কোন অপরাধে র্যাব মাইরলো, এর বিচার চাই। আমার ছেইলি ফেরত চাই। মার সামনে সন্তানের লাশ সহ্য করা যায় না।’কুষ্টিয়া মডেল থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, ইকবালের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ বা মামলা নেই। কুষ্টিয়া র্যাব-১২ ক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন মোসাদ্দেক ইবনে মুজিব গতকাল রাত সাড়ে নয়টার দিকে জানান, সন্ধ্যার দিকে ইকবাল অসুস্থ হয়ে পড়লে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে আজ শুক্রবার সকালে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।