র্যাবের বিরুদ্ধে লিমনের মায়ের মামলা
র্যাবের গুলিতে আহত ঝালকাঠির লিমনের মা হেনোয়ারা বেগম আজ রোববার আদালতে একটি নালিশি অভিযোগ দায়ের করেন। র্যাব-৮-এর উপসহকারী পরিচালকসহ (ডিএডি) ছয়জনকে আসামি করে বেলা সাড়ে ১১টার দিকে তিনি এ অভিযোগ জানান। এই অভিযোগের ভিত্তিতে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক নুসরাত জাহান রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জেল হোসেনকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।জানা যায়, আজ সকালে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে নালিশি অভিযোগটি দায়ের করা হয়। র্যাব-৮-এর ডিএডি মো. লুত্ফর রহমান, করপোরাল মো. মাজাহারুল ইসলাম, কনস্টেবল মো. আবদুল আজিজ, নায়েক মোক্তাদির হোসেন, নায়েক প্রহল্লাদ চন্দ্র ও সৈনিক কাত্তিক কুমার বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।প্রসঙ্গত, গত ২৩ মার্চ র্যাব-৮-এর সদস্যরা ঝালকাঠির রাজাপুর উপজেলার পুরাতন জমাদ্দারহাটের সেতু থেকে কলেজছাত্র লিমনকে ধরে ২০ গজ দূরে নিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। পরে আহত লিমনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।