র‌্যাবের বৈশিষ্ট্য হুট করে পাল্টে ফেলা যাবে না: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একটি বাহিনীকে আপনি তৈরি করেছেন এবং একরকমের কাজ করাচ্ছেন। হুট করে একটি সরকার বদলের সাথে সাথে রাতারাতি তার সকল বৈশিষ্ট্য পালটে ফেলবে, সেটি আশা করা ঠিক না।’র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিচারবহির্ভূত হত্যা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ কথা বলেছেন। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের ইচ্ছায় কিংবা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিচারবহির্ভূত হত্যার কোনো ঘটনা ঘটছে না। বরং চারদলীয় জোট সরকারের আমলে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এ ধরনের হত্যাকাণ্ড ঘটতো।সেনাবাহিনীর সদস্যদের অন্তর্ভুক্তির কারণে র্যাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে দীপু মনি বলেন, ‘এটা তো কোনো একটি সংস্থার মত। সেটিকেই যদি আমরা স্বতঃসিদ্ধ হিসেবে ধরে নিই, তাহলে কীভাবে হয়। অনেক সংস্থাই এ রকম প্রতিবেদন তৈরি করে, অনেক রাষ্ট্রও তৈরি করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার প্রতিবেদনের ব্যাপারেও কিন্তু আমি মন্তব্য করেছি।’ দীপু মনি বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা বলেছি, মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারে আমরা জিরো টলারেন্স দেখাব। সে ক্ষেত্রে সংখ্যার বিষয়টি লক্ষ করলে দেখা যাবে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা কমেছে। তার চেয়ে বড় কথা, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কিংবা রাষ্ট্রের প্রশ্রয়ে এ ধরনের হত্যাকাণ্ড ঘটছে না। এ দুটি ক্ষেত্রে গুণগত পরিবর্তন ঘটে গেছে।’দীপু মনি দাবি করেন, ‘এর আগে কখনোই মানবাধিকার লঙ্ঘনের ঘটনার জন্য তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হয়নি। শুধু ২০১০ সালেই র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১০৮৩ জন সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেকে চাকরিচ্যুতও হয়েছেন।’র‌্যাব গুলিতে লিমনের পঙ্গু হওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দিলে দীপু মনি বলেন, ‘আমরা এটাও বলি, যখন কোনো সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং কারও মৃত্যু ঘটে, সে সময় জনগণের মধ্যে যে প্রতিক্রিয়া দেখা যায়, তার সঙ্গে সরকারের অনুসৃত নীতির অনেক সময় মিল হয় না। দেখা যায়, স্থানীয় জনগণ এ ঘটনাকে (মৃত্যু) স্বাগত জানায়। এই যে ডিলেমাগুলো (দোটানা) আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার ক্ষেত্রে এ বিষয়গুলো বিবেচনায় আনতে হবে। কিন্তু কোনো হত্যাকাণ্ড বা মৃত্যুর ঘটনা বিচারের বাইরে থেকে যাবে, এটা আমরা কখনোই চাই না। কারণ আমরাই এ ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠার চেষ্টা করছি।’পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সরকারের ঘোষিত নীতি অনুযায়ী, বিচারবহির্ভূত হত্যার ঘটনা এবং হত্যার অভিযোগের সংখ্যা কমে আসছে। আর বিচারবহির্ভূত হত্যার যেসব অভিযোগ উঠছে, তার তদন্ত হচ্ছে।