র‌্যাবের ব্যাখ্যা এবং প্রথম আলোর বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার প্রথম আলোয় ‘চরম নিষ্ঠুরতা’ শিরোনামে প্রকাশিত সংবাদটিকে অসত্য, কল্পনাপ্রসূত ও বিভ্রান্তিমূলক উল্লেখ করে র‌্যাব সদর দপ্তর বক্তব্য দিয়েছে। র‌্যাবের ব্যাখ্যায় বলা হয়, ‘র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে’ বলে যে তথ্যটি প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট ও কাল্পনিক।এ বিষয়ে র‌্যাবের বক্তব্যের পাশাপাশি প্রথম আলোর বক্তব্যও তুলে ধরা হলো।র‌্যাবের বক্তব্য: গত ২৩ মার্চ দিনের বেলায় র‌্যাবের দুটি বিশেষ অভিযান দল ১৮টি মামলার আসামি এবং ৯০ বছরের কারাদণ্ডাদেশ পাওয়া পলাতক শীর্ষ সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারকে গ্রেপ্তারের জন্য তাঁর গোপন আস্তানায় অভিযান চালায়। মোরশেদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে চারদিকে ধানখেতঘেরা একটি কলাবাগানে ওই আস্তানা। ওই কলাবাগানে যাওয়ার কোনো নির্দিষ্ট পথ নেই। খালের পাড় ধরে হেঁটে বাঁশের বেড়া টপকিয়ে সেখানে যেতে হয়। ওই দিনের অভিযানে দলের অগ্রগামী সাদা পোশাকধারী র‌্যাবের দুজন সদস্য মোরশেদের আস্তানায় ঢুকলে লিমনসহ কয়েকজন সন্ত্রাসী এগিয়ে এসে র‌্যাব সদস্যদের গতি রোধ করে তাঁদের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যদের সন্দেহ হলে তাঁরা নিজেদের পরিচয় দেন। এর মধ্যেই পেছনে ইউনিফর্ম পরিহিত অভিযান দলের অপর সদস্যরা এগিয়ে আসেন। এ সময় ওই অস্ত্রধারী সন্ত্রাসীরা গ্রেপ্তার এড়ানোর জন্য র‌্যাব সদস্যদের ওপর গুলি চালায়। তখনই র‌্যাব সদস্যরাও কিছু দূরে অবস্থান নিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য এবং আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান। পরে গুলিবিনিময় থেমে গেলে আহত অবস্থায় লিমনকে আটক এবং ঘটনাস্থল থেকে গুলিভর্তি আগ্নেয়াস্ত্র, রামদাসহ দেশীয় ধারালো অস্ত্র প্রকাশ্য দিবালোকে উদ্ধার করা হয়। তবে লিমন কার গুলিতে আহত হয়, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি। বিষয়টি ওই দিনই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়। গুলিবিনিময় চলাকালে কোনো সন্ত্রাসীর কাছে গিয়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করার বিষয়টি বাস্তবে আদৌ সম্ভব কি না, তা ভেবে দেখার অবকাশ রয়েছে।প্রথম আলোর বক্তব্য: প্রকাশিত প্রতিবেদনে প্রথম আলোর নিজস্ব কোনো বক্তব্য বা তথ্য ছিল না। ভুক্তভোগী লিমন, তার পরিবার, এলাকাবাসী যাঁরা ঘটনাটি দেখেছেন, যাঁরা লিমন হোসেনকে লেখাপড়া ও কাজের সূত্রে জানেন, তাঁদের অভিযোগ এবং র‌্যাবের অভিযানকারী দলের প্রধান, র‌্যাব ৮-এর কমান্ডার, মামলার তদন্তকারী কর্মকর্তার বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল। ফলে প্রতিবেদনে অভিযোগ ও অভিযোগের জবাব দুই-ই ছিল এবং এর মাধ্যমে ঘটনাটির একটা চিত্র পাওয়া যায়। ফলে প্রকাশিত সংবাদকে অসত্য, কল্পনাপ্রসূত ও বিভ্রান্তিমূলক বলার সুযোগ নেই।র‌্যাব গুলিবিনিময়ের যে দাবি সব ঘটনার ক্ষেত্রে করে, এ ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। গত কয়েক বছরের বাস্তবতায় এই দাবির সত্য-মিথ্যা নিয়ে কথা বলার প্রয়োজন পড়ে না। পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করার দাবি করেছে, যাকে গুলি করা হয়েছে সেই লিমন এবং তার পরিবার ও এলাকাবাসী। গত বৃহস্পতিবারও একটি টেলিভিশন চ্যানেলকে লিমনের এলাকার লোকজন বলেছেন, তাঁরা কোনো গোলাগুলির শব্দ শোনেননি। তাঁরা একটা গুলির শব্দ শুনেছেন। লোকজনের এই ভাষ্য টিভিতে প্রচারিতও হয়েছে। তা ছাড়া ঘটনাস্থল হিসেবে এক কিলোমিটার দূরের যে কলাবাগান উল্লেখ করেছে র‌্যাব, তা-ও ঠিক নয়। ওই কলাবাগান লিমনের বাড়ি থেকে ৩০০ গজের মধ্যে।র‌্যাবের বক্তব্য: লিমন একটি মামলায় জামিনপ্রাপ্ত অভিযোগপত্রভুক্ত আসামি। তার বিরুদ্ধে রাজাপুর থানার মামলা নং-০৫, তারিখ ৩/১২/২০০৯, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩৭৯/৫০৬ রুজু রয়েছে। ওই মামলায় গত ১০ জানুয়ারি ২০১১ তারিখে সে জামিন পায়।প্রথম আলো: খোঁজ নিয়ে জানা গেছে, লিমনের বিরুদ্ধে করা এই মামলাটির বাদী লিমনের আপন চাচা বাদশা আকন। ওই মামলার নয়জন আসামির মধ্যে প্রথম চার আসামি হলেন লিমনের বাবা তোফাজ্জল হোসেন, মা হেনোয়ারা বেগম, বড় ভাই হেমায়েত হোসেন সুমন ও চতুর্থ আসামি লিমন হোসেন। মামলায় বাদী তাঁকে ও তাঁর স্ত্রীকে মারধর করা এবং টাকা-পয়সা, গয়না ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন। এটি পারিবারিক বিরোধের কারণে হয়েছে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নয়।র‌্যাব: প্রকাশিত সংবাদে গুলিবিদ্ধ লিমনকে রক্তাক্ত অবস্থায় একটি কাঁথা চাপা দিয়ে দু-তিন ঘণ্টা ঘটনাস্থলে ফেলে রাখার যে বিষয়টি তুলে ধরা হয়েছে, তা কল্পনাপ্রসূত, বানোয়াট ও অনৈতিক। সংবাদে আহত লিমনের জীবন বাঁচানোর জন্য কারা হাসপাতালে নিয়ে যায় এবং প্রয়োজনীয় চিকিৎসাসহ রক্তের ব্যবস্থা করে, তা নেই। ওই ঘটনার পরপরই র‌্যাব সদস্যরা লিমনকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান, পরে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। র‌্যাব সদস্যরা তার জীবন বাঁচানোর জন্য দুই ব্যাগ রক্তসহ প্রয়োজনীয় ওষুধেরও ব্যবস্থা করেন। লিমন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকাকালে তার পরিবারের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করা হলেও তারা কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেনি। এ ক্ষেত্রে র‌্যাব সদস্যদের একজন সন্ত্রাসীর জীবন বাঁচানোর মানবিক প্রচেষ্টাকে সুকৌশলে এড়িয়ে কাল্পনিক কাঁথা চাপা দেওয়ার বিষয়টি তুলে ধরার মাধ্যমে র্যাবের কার্যক্রমকে অমানবিক ও নিষ্ঠুর প্রমাণ করার চেষ্টা করা হয়েছে, যা নিতান্তই দুঃখজনক ও অনৈতিক।প্রথম আলো: যখন কোনো ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করেন, তার পরবর্তী ব্যবস্থাদিও তাঁদেরই করতে হয়। ফলে র‌্যাব গুলিবিদ্ধ লিমনকে হাসপাতালে নেবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। তবে কাঁথা চাপা দিয়ে ফেলে রাখার অভিযোগও ভুক্তভোগীর পরিবার ও প্রতিবেশীদের। সেদিনের বাস্তবতা ছিল—গুলিবিদ্ধ লিমনের ধারেকাছে কাউকে ঘেঁষতে দেননি র‌্যাব সদস্যরা। তার পরও চাচা মোফাজ্জল লিমনের পক্ষে কথা বলতে গেলে র‌্যাব সদস্যরা তাঁকে মারধর করেছেন বলে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন। মোফাজ্জলের পায়ে ব্যান্ডেজ করতে হয়েছে, তিনি ভালোভাবে হাঁটতেও পারছেন না। বুটের আঘাতে তাঁর পায়ের গোড়ালি ক্ষতিগ্রস্ত হয়েছে।র‌্যাব: প্রকাশিত সংবাদে লিমনের বয়সের কথা উল্লেখ করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালানো হয়েছে। ওই অভিযানের পর র‌্যাব সদস্যরাও লিমনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী তার ঠিকানা এবং বয়স লিখেছেন। সে ক্ষেত্রে বয়সের কিছু তারতম্য হওয়ার সম্ভাবনাকে এড়িয়ে যাওয়া যায় না। শুধু বয়স (স্কুলের সনদ থেকে প্রাপ্ত) এবং কলেজের অধ্যক্ষের বক্তব্যের ভিত্তিতে তাকে নিরীহ ও নিষ্পাপ প্রমাণ করা সুস্থ চিন্তাধারার অন্তরায়। এ ছাড়া বর্তমান সময়ে সংঘটিত হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে ১৫-২৫ বছর বয়সী উঠতি সন্ত্রাসীদের সম্পৃক্ত হওয়ার বিষয়টি সবারই জানা। উঠতি বয়সী সন্ত্রাসীসংক্রান্ত বিভিন্ন সংবাদ প্রথম আলোসহ দেশের প্রায় সব গণমাধ্যমে নিয়মিতভাবে প্রকাশিত ও প্রচারিত হয়ে আসছে।প্রথম আলো: সাদা চোখে মানুষের বয়স নির্ণয়ে দু-এক বছরের তারতম্য হতে পারে। কিন্তু র‌্যাবের মতো একটি পেশাদার বাহিনীর সদস্যদের ১৬ ও ২৫-এর পার্থক্য না বোঝার কথা নয়। বয়সের তথ্যের গরমিল প্রতিবেদনে এসেছে অত্যন্ত স্বাভাবিকভাবে, কাউকে নিষ্পাপ প্রমাণের জন্য নয়। ছেলেটি যে নিরীহ, এর প্রমাণ, গুলিবিদ্ধ হওয়ার পর গ্রামের মানুষ চাঁদা তুলে তার পাশে এসে দাঁড়িয়েছে।র‌্যাব: প্রকাশিত সংবাদে কলেজের অধ্যক্ষের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, র‌্যাব একটি নিরীহ তরুণকে গুলি করে সন্ত্রাসী সাজানোর চেষ্টা করছে। ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি বলে র‌্যাবকে নিশ্চিত করেছেন।প্রথম আলো: লিমনের কলেজের অধ্যক্ষ কোনো বক্তব্য দেননি বলে র‌্যাব যে দাবি করেছে, তা মোটেই ঠিক নয়। প্রথম আলোয় তাঁর যে বক্তব্য ছাপা হয়েছে, এর সঙ্গে তিনি গতকাল পর্যন্ত কোনো দ্বিমত করেননি। এমনকি গত বৃহস্পতিবারও তিনি একটি টেলিভিশন চ্যানেলকে একই রকম বক্তব্য দিয়েছেন। তা প্রচারও করা হয়েছে।র‌্যাব: সংবাদে এজাহারে যে উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে, তা অতিরঞ্জিত। সেখানে বলা হয়েছে, ‘র‌্যাবের উপস্থিতি টের পেয়ে লিমন ও তার সহযোগীরা র‌্যাবের ওপর গুলিবর্ষণ করে। র‌্যাব আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। সংঘর্ষের পর একটি পিস্তলসহ আহত অবস্থায় লিমনকে উদ্ধার করা হয়।’ প্রকৃতপক্ষে এজাহারে লিমনসংক্রান্ত এ ধরনের কোনো বক্তব্য লেখা নেই।প্রথম আলো: এজাহারের বিবরণ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে যে অভিযোগ র‌্যাব করেছে, তা ঠিক নয়। মামলাটির তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শকের মুখ থেকে এজাহারের বিবরণটি এসেছে।র‌্যাব: প্রকাশিত সংবাদে লিমনের ইটভাটায় কাজ করার ব্যাপারে যে তথ্য প্রদান করা হয়েছে, তা-ও ঠিক নয়। ওই এসবি ইটভাটার অন্যতম মালিক নুরুজ্জামানের সঙ্গে কথা বলা হলেও প্রকৃত মালিক আলমগীর জানিয়েছেন, লিমন নামে কোনো ছেলে তাঁর ইটভাটায় কাজ করত না। ওই ইটভাটাটি এক বছর ধরে বন্ধ ছিল। লিমন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রায় ১২ দিন পর ৫ এপ্রিল পুনরায় চালু হয়েছে।প্রথম আলো: লিমনের ঘটনাটি ছাপা হওয়ার পর বিভিন্ন টিভি চ্যানেল ইটভাটার মালিক ও ব্যবস্থাপকের সঙ্গে কথা বলেছে এবং তাঁদের বক্তব্য প্রচার করেছে। সেখানেও তাঁরা জানিয়েছেন, লিমন সেখানে দৈনিক ২০০ টাকা মজুরিতে কাজ করত। আর ইটভাটাগুলো সাধারণত শুকনো মৌসুমে সচল থাকে, সারা বছর থাকে না।র‌্যাব: গুলিবিনিময়ের ঘটনাটি প্রচলিত আইনে স্থানীয় ম্যাজিস্ট্রেট তদন্ত করছেন। প্রথম আলোয় প্রকাশিত সংবাদটি লিমন, তার সহযোগী ও পরিবারের উদ্ধৃতি এবং তাদের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে।প্রথম আলো: প্রতিবেদনে র‌্যাবের সংশ্লিষ্ট ব্যাটালিয়নের প্রধান, অভিযানকারী দলের প্রধান, তদন্ত কর্মকর্তা—সবার বক্তব্য ছিল। ফলে এক পক্ষের মতামত দিয়ে প্রতিবেদন তৈরির দাবিটি ঠিক নয়।