র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ, পাঁচ বনদস্যু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের গহিন অরণ্যে আস্তানা বানিয়ে ডাকাতি করে আসছিল জিহাদ-গামা-সোহাগ বাহিনী। গতকাল শুক্রবার সকালে সেখানে হানা দেয় র‌্যাব। এ সময় গুলিতে পাঁচ বনদস্যু নিহত হয়। এদের দুজনই সন্ত্রাসী বাহিনীর প্রধান।র‌্যাব জানায়, নিহত দুজনের একজন বাহিনীপ্রধান সোহাগ, অপরজনকে জিহাদ বাহিনীর প্রধান জিহাদ বলে শনাক্ত করেছেন স্থানীয় মাঝিরা। অন্য তিনজন হলেন: সোহাগ বাহিনীর সদস্য আল আমিন ও আসাদ এবং জিহাদ বাহিনীর বেলাল। ঘটনাস্থল থেকে ১১টি বন্দুক ও বিপুলসংখ্যক গুলি উদ্ধার করা হয়।গহিন বনে র‌্যাবের এ অভিযানের জন্য আগে থেকেই ঢাকা থেকে নেওয়া হয় বিপুলসংখ্যক র‌্যাব সদস্য। সঙ্গে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারও।র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক মুজিবুর রহমান বলেন, র‌্যাবের কাছে সংবাদ ছিল, জিহাদ, গামা ও সোহাগ বাহিনীর সদস্যরা গোপন বৈঠকে বসবে। সে অনুযায়ী বিমানবাহিনীর হেলিকপ্টারের সাহায্যে তাদের অবস্থান চিহ্নিত করে সকাল নয়টার দিকে র‌্যাব সেখানে অভিযান চালায়। অভিযানে র‌্যাবের গোয়েন্দা শাখা এবং বরিশালের র‌্যাব-৮-এর সদস্যরা অংশ নেন।র‌্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর সাব্বির রহমান ওসমানি বলেন, সুন্দরবনের বিভিন্ন এলাকায় জিহাদ বাহিনী, গামা বাহিনী ও সোহাগ বাহিনী পৃথকভাবে ডাকাতি, মাছ ধরার ট্রলার জিম্মি করে টাকা আদায়সহ বিভিন্ন অপরাধ করে আসছিল। এর আগে গত নভেম্বরে সুন্দরবনের বনদস্যু রাজু বাহিনীর পতনের পর এই তিন বাহিনী এক হয়ে এসব কর্মকাণ্ড চালাচ্ছিল। সে জন্য তারা গহিন বনের একটি ঘাঁটিতে আলোচনার জন্য মিলিত হয়। এ খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালালে তাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি হয়। এরপর সেখানে পাঁচটি লাশ পাওয়া যায়।র‌্যাব সূত্র জানায়, বনদস্যুরা অস্থায়ী ঘর বানিয়ে বসবাস করছিল। সেখানে তাদের ভাত, চাল, সবজি, মুরগি, মোবাইল ফোনের অ্যান্টেনা, পর্যবেক্ষণ টাওয়ারসহ আস্তানা তৈরির যাবতীয় চিহ্ন রয়েছে।তবে নিহত বনদস্যুপ্রধান জিহাদের স্ত্রী তহমিনা বেগম গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জিহাদ বন্দুকযুদ্ধে নিহত হননি। র‌্যাব তাঁকে ১১ দিন আগে ঢাকা থেকে ধরে নিয়ে গেছে। তিনি বলেন, ‘জিহাদ জঙ্গলে ডাকাতি করত বলে আমি তার সঙ্গে সম্পর্ক রাখতাম না। কিন্তু আমি জিহাদের দুই ছেলেমেয়ের মা। সন্তানদের কারণে জিহাদ মাঝেমধ্যে আমার সঙ্গে যোগাযোগ করত।’মাঝিদের কথা: পাথরঘাটার চরদুয়ানি গ্রামের ট্রলারমালিক জাফর হাওলাদার সাংবাদিকদের বলেন, গত বছর জিহাদ বাহিনীর সদস্য তাঁর মাছ ধরার ট্রলার নিয়ে যায়। ১৫ দিন আটকে রাখার পর দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নেন তিনি।দেড় মাস আগে জিহাদ বাহিনীর হাতে অপহূত হয়েছিলেন মাঝি আবদুল জলিল। জলিল বলেন, জিহাদ বাহিনী একসঙ্গে ৫২ জন মাঝিকে আটকে রেখে মুক্তিপণ আদায় করে। পরে তাঁর ট্রলারের মালিক আবদুর রহমান ৮০ হাজার টাকা দিয়ে ১৫ দিন পর তাঁকে ছাড়িয়ে নেন।জলিল মাঝি বলেন, ১৭ মাঝিসহ তাঁদের ট্রলারটি নিয়ে যান জিহাদ। আটক থাকা অবস্থায় তাঁদের দু-তিন দিন পর পর খেতে দেওয়া হতো। জিহাদ বাহিনীতে ৩০-৪০ জন সদস্য রয়েছে বলে জানান জলিল মাঝি।ট্রলারমালিক আবদুর রহমান বলেন, কয়েক দিন আগে খলিফার হাটের কাইয়ুম মাঝির এক চোখ গুলি করে নষ্ট করে দেন জিহাদ। এ কারণে মাঝিরা সব সময়ই আতঙ্কে থাকেন।র‌্যাবের তথ্য: র‌্যাব জানায়, সুন্দরবনের চারটি রেঞ্জ এলাকায় সাতটি ডাকাতদল সক্রিয় ছিল। এর মধ্যে শরণখোলা রেঞ্জে সোহাগ, জিহাদ ও গামা বাহিনী; চাঁদপাই রেঞ্জে রফিক বাহিনী; খুলনা রেঞ্জে আকাশ ও রাজু বাহিনী এবং সাতক্ষীরা রেঞ্জে জুলফিকার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ স্থানীয় জেলেরা।গত বছরের ১২ নভেম্বর র‌্যাবের অভিযানে রাজু বাহিনীর সদস্য মুকুল নিহত হন। রাজু পালিয়ে যান। এখন ফরহাদ ও শহীদুল দলের হাল ধরেছেন বলে খবর রয়েছে র‌্যাবের কাছে। ডাকাত আকাশ ওরফে মৃত্যুঞ্জয় ভারতে থাকেন, শুধু ইলিশের মৌসুমে ডাকাতি করতে আসেন।শরণখোলা রেঞ্জে এখন অবশিষ্ট রইল গামা বাহিনী।জিহাদের দলের সদস্য রফিক এখন চাঁদপাই রেঞ্জে ডাকাতি করেন। আর সাতক্ষীরা রেঞ্জের জুলফিকারও গত বছর র‌্যাবের হাতে নিহত হন।র‌্যাব সূত্রগুলো জানায়, সুন্দরবনে ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধে একচ্ছত্র আধিপত্য ছিল ডাকাত রাজু বাহিনীর। রাজু বাহিনী ভেঙে যাওয়ার পর জিহাদ, সোহাগ ও গামা বাহিনী একীভূত হয়ে একাধিপত্য নেওয়ার চেষ্টা চালায়। তাই কয়েক দিন ধরেই তাদের মধ্যে আলোচনা চলছিল।ডাকাতি ও বন্দুকযুদ্ধে মৃত্যুর পরিসংখ্যান: র‌্যাব-৮-এর পরিচালক মনিরুল হক বলেন, চলতি বছরের তিন মাসে শুধু শরণখোলা রেঞ্জে ৩৭টি ডাকাতি হয়েছে। এসব ঘটনায় ১২৬ জন জেলেকে জিম্মি করে মুক্তিপণ আদায় করা হয়েছে। এগুলোর মধ্যে জিহাদ ২৭টি ঘটনায় ৯৬ জনকে, সোহাগ সাতটি ঘটনায় ২০ জনকে ও গামা তিনটি ঘটনায় ১০ জনকে জিম্মি করে মুক্তিপণ আদায় করে। স্থানীয় জেলেদের সূত্রে র‌্যাব এসব তথ্য পেয়েছে।মনিরুল হক বলেন, ২০১১ সালে র‌্যাবের অভিযানে (কয়েকটি বিভিন্ন বাহিনীর সঙ্গে যৌথভাবে) ২২ জন বন ডাকাত নিহত ও ১৯ জন গ্রেপ্তার হয়। চলতি বছরের তিন মাসেই র‌্যাবের গুলিতে নিহত হয়েছে ১০ জন এবং গ্রেপ্তার হয়েছে চারজন।পুলিশের সঙ্গে গোলাগুলি: গত বছরের ৩১ মে শরণখোলা থানার পুলিশের সঙ্গেও গোলাগুলি হয় সোহাগ বাহিনীর। পরে ছোট নৌকায় গুলি ছুড়তে ছুড়তে সুন্দরবনের খালে পালিয়ে যায় ডাকাতদলটি।শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) গাজী ইকবাল বলেন, গত বছরের মে মাসে নান্না মাতবর নামের এক জেলেকে উদ্ধার করতে যায় পুলিশ। সুন্দরবনের তেঁতুলবাড়িয়া এলাকায় সোহাগ বাহিনীর সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। সেখান থেকে পুলিশ আনোয়ার বয়াতি নামের একজনকে গ্রেপ্তার করে। এসআই বলেন, সোহাগ বাহিনীর বিরুদ্ধে থানায় ১০-১২টি মামলা রয়েছে। জিহাদ ও গামা বাহিনীর বিরুদ্ধেও মামলা রয়েছে।