র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
কক্সবাজারের মহেশখালীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল কাসেম (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকায় এই ‘বন্দুকযুদ্ধ’ হয়। র্যাবের ভাষ্যমতে, নিহত আবুল কাসেম ডাকাত দলের সদস্য। এ ঘটনায় র্যাবের তিনজন সদস্য আহত হয়েছেন।প্রথম আলো ডটকমকে দেওয়া র্যাবের কক্সবাজার অঞ্চলের উপপরিচালক মেজর মোহাম্মদ সারওয়ার-ই-আলমের ভাষ্যমতে, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পেয়ে চট্টগ্রাম র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল করিমের নেতৃত্বে একটি দল গতকাল গভীর রাতে কালারমারছড়া ইউনিয়নে অভিযান চালায়। ভোররাত চারটার দিকে র্যাব সদস্যরা ডাকাতদের গ্রেপ্তারে নোনাছড়ি এলাকার কালোয়ার সেতুর পূর্বে পাশে ফকিরাঘোনা এলাকায় পৌঁছালে ডাকাতেরা র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। আধা ঘণ্টা ধরে চলা এই ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের অন্যতম সদস্য কাসেম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। গুলিবিনিময়ের একপর্যায়ে ডাকাতেরা পিছু হটে যায়।গুরুতর আহত কাসেমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজ ভোর পাঁচটা ৪০ মিনিটে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সা কর্মকর্তা জুলন বড়ুয়া তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র, সাতটি তাজা কার্তুজ, পাঁচটি খালি কার্তুজ, চারটি রামদা ও একটি কার্তুজ রাখার বেল্ট উদ্ধার করে র্যাব। মেজর মোহাম্মদ সারওয়ার-ই-আলম জানান, এ ঘটনায় র্যাবের তিন সদস্য আহত হয়েছেন। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ নাসির উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।