র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত শহীদ এক সহযোগীসহ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় গতকাল মঙ্গলবার রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী শহীদ ওরফে ডাকাত শহীদ ও তাঁর এক সহযোগী নিহত হয়েছেন। রাত পৌনে ১২টার দিকে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ডাকাত শহীদের ওই সহযোগীর নাম কালু বলে র‌্যাব সূত্র জানায়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েলের ভাষ্যমতে, র‌্যাবের কাছে তথ্য ছিল, গত রোববার ভারত থেকে বাংলাদেশে ঢুকেছেন ডাকাত শহীদ। খবর ছিল, তিনি পুরান ঢাকায় আসবেন। তাই পুরান ঢাকার বিভিন্ন স্থানে র‌্যাবের চারটি দল মোতায়েন করা হয়। ওই চারটি দলের একটি গতকাল রাত পৌনে ১২টার দিকে তিনটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। এ সময় মোটর সাইকেলের আরোহীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। তখন র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে একটি মোটর সাইকেলের পেছনে বসা ডাকাত শহীদ ও তাঁর সহযোগী কালু নিহত হন। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে মোটরসাইকেল তিনটিসহ বাকি আরোহীরা পালিয়ে গেছে।সূত্র জানায়, ২০০৫ সালে সপরিবারে ভারতে চলে যান শহীদ। সেখানে বসেই তিনি পুরান ঢাকায় চাঁদাবাজি, চুক্তিতে হত্যাকাণ্ডের মতো অপরাধ নিয়ন্ত্রণ করতেন। দুই মাস আগে তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশে পুশব্যাক করে ভারতীয় কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে কয়েক ডজন মামলা রয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগরের মৃত শামসুল হক ভূঁইয়ার ছেলে শহীদুল ইসলাম শহীদ ১৪-১৫ বছর বয়সেই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন। ওই সময় তাঁর বিরুদ্ধে ডাকাতির মামলা হয়। এর পরই পুলিশের খাতায় তাঁর নাম ওঠে ডাকাত শহীদ হিসেবে।