র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ঢাকা ও টাঙ্গাইলে দুজন নিহত
ঢাকা ও টাঙ্গাইলে গত রোববার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। ঢাকার হাজারীবাগে নিহত ব্যক্তির নাম আলম ওরফে টাক্কু আলম (৩০)। টাঙ্গাইলের গোপালপুরে নিহত ব্যক্তি হলেন মামুনুর রহমান ওরফে মামুন (২৫)। এঁদের মধ্যে আলম সন্ত্রাসী এবং মামুন অস্ত্র ব্যবসায়ী বলে র্যাব দাবি করেছে।গতকাল র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, রোববার রাত দুইটার দিকে র্যাবের একটি দল হাজারীবাগের গজমহল এলাকায় পাঁচ-ছয়জন লোককে একসঙ্গে দেখতে পায়। তাদের দেখে র্যাবের সন্দেহ হয়। বিষয়টি বুঝতে পেরে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় আলম গুলিবিদ্ধ হন। তবে অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে র্যাবের সদস্য রফিকুল ইসলাম আহত হন।ঘটনাস্থল থেকে র্যাবের সদস্যরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিনটি তাজা গুলি, একটি এলজি, এলজির দুটি কার্তুজসহ কিছু মাদক উদ্ধার করে।র্যাব জানায়, আলমের বিরুদ্ধে হাজারীবাগ, মোহাম্মদপুর ও ধানমন্ডি থানায় একটি করে হত্যা মামলা রয়েছে। এ ছাড়া হাজারীবাগ থানায় ডাকাতি ও অস্ত্র আইনে রয়েছে আরও দুটি মামলা।আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানান, জেলার গোপালপুর উপজেলার সেনের মাকুল্লা গ্রামে র্যাব-১২-এর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত মামুন অস্ত্র ব্যবসায়ী বলে র্যাব দাবি করেছে।র্যাবের ভাষ্যমতে, গত ২৭ অক্টোবর র্যাবের একটি দল মামুনকে গ্রেপ্তার করতে সেনের মাকুল্লা গ্রামে যায়। এ সময় তিনি র্যাবের ৩ নম্বর কোম্পানি কমান্ডার মেজর মাহফুজকে ছুরিকাঘাত করেন। এরপর গোপালপুর থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা করা হয়। তাঁর বিরুদ্ধে আর কোনো মামলা নেই।র্যাবের ভাষ্যমতে, আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কয়েকজন সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী সেনের মাকুল্লা গ্রামে বৈঠক করছে বলে র্যাব তথ্য পায়। এর ভিত্তিতে র্যাবের একটি দল ওই গ্রামে রোববার রাত সাড়ে ১২টার দিকে অবস্থান নেয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে এ সময় অস্ত্র ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। র্যাব ও অস্ত্র ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধের সময় মামুন নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে র্যাব সদস্যরা দুটি এলজি, একটি বিদেশি রিভলবার, পাঁচটি গুলি ও তিনটি কার্তুজ উদ্ধার করেন। তবে গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর র্যাবের একটি দল সাদা পোশাকে সেনের মাকুল্লা গ্রামে একটি অভিযানে আসে। এ সময় মামুন একজনকে ছুরিকাঘাত করেন। এ সময় র্যাব গুলি চালালে মামুন গুলিবিদ্ধ হন। ওই অবস্থায় তিনি পালিয়ে যান।