কুপিয়ে ও বোমায় তিনজনকে হত্যা, প্রত্যেকেই কথিত চরমপন্থী
র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত
কক্সবাজার ও পাবনায় গত মঙ্গলবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুজনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে কক্সবাজারে নিহত রাশেদ উদ্দিন চৌধুরী ওরফে বাবর ২৩ মামলার আসামি। পাবনায় নিহত ব্যক্তিও হত্যা মামলার আসামি এবং কথিত চরমপন্থী দলের সদস্য। তবে রাশেদ চৌধুরীর পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।এ ছাড়া পাবনায় দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং বোমা হামলায় একজন নিহত হয়েছেন। পুলিশ ও র্যাবের তথ্য অনুযায়ী, এঁরা তিনজনই নিষিদ্ধ চরমপন্থী দলের সদস্য।আমাদের নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার, পাবনা অফিস, ঈশ্বরদী ও বেড়া (পাবনা) প্রতিনিধির পাঠানো খবর:কক্সবাজার: সদর উপজেলার মেহেরনামা গ্রামে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাশেদ চৌধুরী বাবর (৩৫) নিহত হয়েছেন। তিনি ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের কক্সবাজার জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং ছাত্রলীগের সাবেক নেতা।পুলিশ ও র্যাব সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে র্যাব-৭ চট্টগ্রাম ক্যাম্পের সদস্যরা ঢাকা থেকে বাবরকে গ্রেপ্তার করেন। অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য মেজর আশফাকের নেতৃত্বে একটি দল বাবরকে নিয়ে তাঁর কক্সবাজারের গ্রামের উদ্দেশে রওনা হয়। র্যাব বলেছে, ভোররাত সাড়ে তিনটার দিকে মেহেরনামা গ্রামের কলাবাগান এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবের সদস্যরাও পাল্টা গুলি চালান। এ সময় পালানোর চেষ্টা করলে বাবর ‘বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে’ মারা যান। সকালে র্যাব বাবরের লাশ কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে যায়।মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, র্যাবের সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া উল্লেখ করে একটি এলজি, একটি কিরিচ ও তিনটি গুলি থানায় জমা দেন। এ ব্যাপারে মামলা হয়েছে। ওসি আরও জানান, বাবরের বিরুদ্ধে সদর থানায় দুটি হত্যা, তিনটি ডাকাতিসহ ২৩টি মামলা রয়েছে।এদিকে গতকাল কক্সবাজার শহর আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাবরের বড় ভাই ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর চৌধুরী অভিযোগ করেন, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন, ২৩টি মামলার মধ্যে ছয়টিতে বাবর খালাস পেয়েছেন। জানা গেছে, সাত বছর কারাভোগের পর ছয় মাস আগে জামিনে মুক্তি পান বাবর।আলমগীর চৌধুরী অভিযোগ করেন, স্থানীয় এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার নির্দেশে র্যাবের মেজর আশফাক বাবরকে গুলি করে হত্যা করেন। কারণ, ওই সেনা কর্মকর্তার আত্মীয় এবার ঈদগাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন। বাবর থাকলে তাঁর বিজয় অনিশ্চিত হয়ে পড়বে বলে তাঁকে হত্যা করা হয়। আলমগীর চৌধুরী ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।অভিযোগ অস্বীকার করে মেজর আশফাক প্রথম আলোকে বলেন, ওই সাবেক সেনা কর্মকর্তাকে তিনি চেনেন না। আশফাক বলেন, আটকের পর এলাকায় নিয়ে গেলে বাবর বন্দুকযুদ্ধেই নিহত হন। ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেন তিনি।পাবনা: সদর উপজেলার আতাইকুলা থানার চরাডাঙ্গা গ্রামে বোমা হামলায় সিদ্দিক প্রামাণিক (৩৫) নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধঘোষিত চরমপন্থী দল পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) ক্যাডার ছিলেন। অন্তঃকোন্দলের জের ধরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সোয়া একটার দিকে ৮-১০ জন লোক সিদ্দিকের বাড়িতে গিয়ে তাঁকে ঘর থেকে বের হতে বলে। সিদ্দিক বেরিয়ে আসামাত্রই তারা তাঁকে লক্ষ্য করে বোমা ছুড়ে পালিয়ে যায়। গুরুতর আহত সিদ্দিককে প্রতিবেশীরা পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বুধবার ভোরে তিনি মারা যান।আতাইকুলা থানার ওসি সিরাজুল ইসলাম চৌধুরী জানান, নিহত সিদ্দিকের মা হালিমা খাতুন স্থানীয় চরমপন্থী নেতা মোবারক হোসেনসহ সাতজনকে আসামি করে মামলা করেছেন। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।এদিকে আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের মো. খোকনকে (২৭) কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বেলা দুইটার দিকে খোকন বাড়ি থেকে বের হয়ে পাশের বিলে গোসল করতে যাচ্ছিলেন। পথে ওত পেতে থাকা কয়েকজন তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই খোকনের মৃত্যু হয়।আটঘরিয়া থানার ওসি গাজী মো. আবু হানিফ জানান, খোকন স্থানীয় একটি চরমপন্থী দলের সক্রিয় সদস্য। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।এদিকে সাথিয়া উপজেলার বোয়ালমারী গ্রামে বিশু শেখকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, দুপুরে বিশু স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে একদল সন্ত্রাসী তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই বিশুর মৃত্যু হয়। সাথিয়া থানার ওসি রবিউল ইসলাম বলেছেন, বিশু পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সক্রিয় ক্যাডার ও তালিকাভুক্ত সন্ত্রাসী।ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদী উপজেলার বড়ইচারা এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফারুক আহমেদ ওরফে পবন (৪০) নিহত হয়েছেন। র্যাব-১২ পাবনা ক্যাম্প সূত্র বলেছে, ভেলুপাড়া-ইস্তা সড়কের পাশের একটি বাগানে বসে একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে বৈঠক করছে—এমন খবরের ভিত্তিতে তারা ঘটনাস্থলে যায়। সন্ত্রাসীরা তখন র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবের সদস্যরা পাল্টা গুলি ছুড়লে পবন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি রিভলবার, একটি শাটারগান, একটি চাপাতি ও আটটি গুলি উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।র্যাবের ভাষ্যমতে, পবন নিষিদ্ধঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) কেন্দ্রীয় কমিটির নেতা। ঈশ্বরদী থানার ওসি সামিউল আলম জানান, বড়ইচারার বাসিন্দা পবনকে ২০০৭ সালে আতাইকুলা থেকে আটটি এসএমজি ও এক হাজার ৫০০ গুলিসহ আটক করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে আতাইকুলা ও ঈশ্বরদী থানায় দুটি হত্যা মামলা রয়েছে।