র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পান্না বাহিনীর প্রধান জাহাঙ্গীর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্থানীয় পান্না বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান জাহাঙ্গীর হোসেন (৪২) নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৫০টি গুলিসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আজ বুধবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় র‌্যাবের দুজন সদস্য আহত হয়েছেন। র‌্যাব (রাজশাহী) ও লালপুর থানা সূত্র দাবি করেছে, আজ রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বিলমাড়িয়া কলেজের পেছনের রাস্তায় ছয়-সাতজন দুর্বৃত্ত র‌্যাব-৫-এর একটি টহল দলকে প্রতিরোধের চেষ্টা করে। র‌্যাব সদস্যরাও পাল্টা প্রতিরোধ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে জাহাঙ্গীর হোসেন এবং আরও দুজন র‌্যাব সদস্য আহত হন। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে জাহাঙ্গীর মারা যান। তাঁর মৃতদেহ লালপুর থানায় রাখা হয়েছে। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মৃত ছমসের আলীর ছেলে। লালপুরে একটি ভাড়া বাসায় থেকে তিনি বাহিনী পরিচালনা করতেন বলে র‌্যাব দাবি করেছে। ঘটনার সময় আটক পাঁচজনকে লালপুর থানা হাজতে রাখা হয়েছে। র‌্যাব-৫-এর সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, ‘দুর্বৃত্তরা সড়ক ডাকাতির জন্য ঘটনাস্থলে জড়ো হয়েছিল। পান্না বাহিনীর প্রধান পান্না এর আগে ক্রসফায়ারে নিহত হওয়ার পর থেকে এই বাহিনীর নেতৃত্ব দিচ্ছিল জাহাঙ্গীর। সে এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করত।’লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।