র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাংলা ভাইয়ের প্রধান সহযোগী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার গোয়ালকান্দিতে গতকাল সোমবার গভীর রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাংলা ভাইয়ের প্রধান অপারেশন কমান্ড মোস্তাফিজুর রহমান ওরফে কিলার মোস্তাক (৩১) নিহত হয়েছেন। আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করেছে র‌্যাব।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) জ্যেষ্ঠ সহকারী পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, গোয়ালকান্দি গ্রামে চরমপন্থীরা একত্র হতে পারে, এমন গোপন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল গতকাল সোমবার রাতে বাগমারার গোয়ালকান্দি এলাকায় যায়। রাত পৌনে দুইটার দিকে দলটি গোয়ালকান্দি আমবাগানে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে ১৫-২০ রাউন্ড গুলিবিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা টিকতে না পেরে পালিয়ে গেলে র‌্যাব ঘটনাস্থলে অভিযান চালায়। সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় কিলার মোস্তাককে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।অভিযান শেষে ঘটনাস্থল থেকে দুটি রিভলবার, একটি এসবিবিএল, তিনটি হাসুয়া, ১৪টি তাজা গুলি, নয়টি গুলির খোসা, চার বোতল ফেনসিডিল ও নগদ চার হাজার ৫৩৭ টাকা উদ্ধার করে র‌্যাব।র‌্যাবের দাবি, কিলার মোস্তাক চরমপন্থী দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সামরিক কমান্ডার। তাঁর বিরুদ্ধে উপজেলার মাহাবুর, মুকুল, ওয়াহেদ, মমতাজ খামারুসহ ২০-২৫টি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় চারটি হত্যা মামলাসহ আরও কমপক্ষে ১৫টি মামলা রয়েছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, প্রায় এক বছর আগে তিনি জামিন পান। এরপর কিছুদিন আত্মগোপন করে থাকলেও পরে আবার এলাকায় ফিরে আসেন। তিনি বলেন, মোস্তাক ‘বন্দুকযুদ্ধে’ নিহত দেশের প্রথম জঙ্গি। তাঁর বাড়ি উপজেলার পলাশি গ্রামে। বাবার নাম জলিল আমিন।