র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গতকাল সোমবার ভোরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে শফিকুল ইসলাম (৪৮) নামের একজন নিহত হয়েছেন। নিহত শফিকুল কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। র‌্যাবের দাবি, শফিকুল দাউদকান্দি এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী। ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তিনি র‌্যাবের হাতে নিহত হয়েছেন। তবে শফিকুলের স্ত্রী ও কন্যাদের দাবি, স্থানীয় বিবাদের জেরে প্রতিপক্ষের লোকজন র‌্যাবকে দিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে র‌্যাব সদস্যরা খবর পায় আড়াইহাজার উপজেলার গোপালদী দক্ষিণপাড়া এলাকায় একটি ধানখেতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে র‌্যাব-১১-এর টহল দল সেখানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ছয়-সাতজন ডাকাত পালিয়ে যেতে থাকে। র‌্যাব তাদের ধাওয়া করলে ডাকাতেরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের বন্দুকযুদ্ধের একপর্যায়ে ডাকাতেরা পিছু হটে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শফিকুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। র‌্যাব ঘটনাস্থল থেকে দুটি গুলিভর্তি একটি ইতালিয়ান পিস্তল, একটি পাইপগান ও দুটি খালি গুলির খোসা উদ্ধার করেছে। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শফিকুল ইসলামের বিরুদ্ধে কুমিল্লার দাউদকান্দি ও তিতাস থানায় সাতটি হত্যা, চারটি ডাকাতি এবং অস্ত্র আইনসহ ৩৮টি মামলা রয়েছে। তিনি দাউদকান্দির কুখ্যাত ডাকাত নুরুজ্জামানের ছোট ভাই বলে জানিয়েছে র‌্যাব।পরিবারের বক্তব্য: নিহতের স্ত্রী তাহমিনা বেগম জানান, শফিকুল স্থানীয় পর্যায়ে রাজনীতির পাশাপাশি ব্যবসা করতেন। গত কোরবানি ঈদের সময় চামড়া সংগ্রহকে কেন্দ্র করে এলাকায় একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পরবর্তী সময়ে একজন খুন হন। এ ঘটনার দুটি মামলায় প্রধান আসামি হন তিনি। এ ঘটনার জের ধরেই প্রতিপক্ষরা র‌্যাব দিয়ে তাঁকে খুন করিয়েছে বলে দাবি করেন তাহমিনা বেগম। তিনি জানান, গতকাল দুজন লোক শফিকুলকে জুরাইনে নিয়ে যান।শফিকুলের মেয়েদের দাবি, র‌্যাবের বক্তব্য সম্পূর্ণই মিথ্যা। এই মধ্যবয়সে একজন মানুষের ‘ডাকাতির প্রস্তুতি’ নেওয়ার কোনো কারণ নেই। তাঁর ইট-বালুসহ বিভিন্ন ব্যবসা রয়েছে। আর রাজনীতি করলে অনেককে অনেক মামলার আসামি হতে হয়।মেয়েদের নিয়ে শফিকুল ও তাঁর স্ত্রী ঢাকার পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে থাকতেন। তাঁর বড় মেয়ে সিটি কলেজে পড়েন। আর ছোট মেয়ে মিরপুরের ফজিলাতুন্নেসা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী। আজ তার পরীক্ষা রয়েছে।নিহতের ভাতিজা মো. সাকিল জানান, কুমিল্লার গৌরীপুর বাজারে শফিকুলের ইট-বালুর ব্যবসা রয়েছে। তাঁর বড় ভাই নুরুজ্জামানও ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাঁকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। শফিকুল ইসলাম তিতাস উপজেলা হওয়ার আগে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সাকিলের দাবি, দলীয় কোন্দলের জের ধরে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।