র‌্যাবের সাবেক অধিনায়কসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তালসরা দরবার শরিফ থেকে দুই কোটি টাকা লুটের ঘটনায় র‌্যাব-৭-এর তৎকালীন অধিনায়ক (বর্তমানে বরখাস্ত) লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার আলী মজুমদারসহ সাতজনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার আনোয়ারা থানার পুলিশ আদালতে অভিযোগপত্র দিয়েছে। অভিযুক্ত বাকি আসামিরা হলেন: র‌্যাব-৭-এর তৎকালীন কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট (চাকরিচ্যুত) শেখ মাহমুদুল হাসান, উপসহকারী পরিচালক (ডিআইডি) আবুল বাশার, পুলিশের উপপরিদর্শক তরুণ কুমার বসু এবং র‌্যাবের তিন সোর্স দিদারুল আলম, আনোয়ার হোসেন ও মানব বড়ুয়া।আদালত সূত্র জানায়, আসামিদের বিরুদ্ধে ৩৯৫ ও ৩৯৭ ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এতে সাক্ষী করা হয়েছে ৪২ জনকে।মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, তালসরা দরবারে দুই কোটি টাকা লুটের ঘটনায় র‌্যাবের চার কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা ও সাক্ষ্য-প্রমাণ মিলেছে। তাঁদেরকে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া মামলায় এজাহারভুক্ত বাকি ছয়জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।গত বছরের ৪ নভেম্বর আনোয়ারার তালসরা দরবার শরিফে অভিযানের নামে দুই কোটি সাত হাজার টাকা লুট করে র‌্যাবের একটি দল। অভিযোগ পাওয়ার পর র‌্যাব-৭-এর অধিনায়ক জুলফিকার আলী মজুমদারসহ অভিযুক্ত কর্মকর্তাদের প্রত্যাহার এবং পরে তাঁদের নিজ নিজ বাহিনীতে ফেরত পাঠানো হয়।পরে এ ঘটনায় দরবারের গাড়িচালক আনোয়ারা থানায় একটি ডাকাতি মামলা করেন। ওই মামলায় র‌্যাবের কর্মকর্তা, সোর্সসহ ১৩ জনকে আসামি করা হয়।