র‌্যাবের হাতে আটকের পর ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে আটক হওয়া আবুল কালাম আজাদ (৪৪) নামের এক আসবাবপত্র ব্যবসায়ী আজ মঙ্গলবার হাসপাতালে মারা গেছেন।র‌্যাব সূত্র জানায়, গতকাল সোমবার রাতে র‌্যাব-১-এর একটি দল মহাখালীর সেনাকল্যাণ কমপ্লেক্সের এন এইচ এন্টারপ্রাইজ নামে সিডির একটি দোকানে অভিযান চালায়। র‌্যাবের সদস্যরা পর্নো সিডি রাখার অভিযোগে আবুল কালাম আজাদ ও তাঁর ছেলে রিপন হাওলাদারকে আটক করেন। পরে তাঁদের র‌্যাব-১-এর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।আজ মঙ্গলবার সকালে আজাদের বুকে ব্যথা শুরু হলে তাঁকে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাপসাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শেরেবাংলা নগরের জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল আটটার দিকে তিনি মারা মারা যান।রিপন হাওলাদার মর্গে সাংবাদিকদের বলেন, তাঁর বাবা আসবাবপত্রের ব্যবসা করলেও মাঝেমধ্যে তাঁর (রিপন) সিডির দোকানে বসতেন। গতকাল রাতে তাঁকে এবং তাঁর বাবাকে আটক করে নিয়ে র‌্যাবের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের দুজনকে পৃথক কক্ষে রাখা হয়। র‌্যাব জিজ্ঞাসাবাদের সময় মারধর করে। তবে তাঁর বাবাকে মারধর করা হয়েছিল কি না, তা তিনি দেখেননি।রিপন জানান, তাঁর বাবা গ্যাসট্রিকে ভুগছিলেন। তবে গ্যাসট্রিকের ব্যথা শুরু হলে ওষুধ খেলেই সুস্থ হয়ে যান।আজ সকালে তাঁকে ছেড়ে দেওয়া হয় এবং তাঁর বাবাকে চিকিত্সার জন্য হাসপাতালে পাঠানো হয়।র‌্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক (এএসপি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিত্সকেরা জানান, আজাদ হূদরোগে আক্রান্ত হয়েছিলেন। চিকিত্সকেরা তাঁকে হূদরোগ ইনস্টিটিউটে নেওয়ার পরামর্শ দেন। তিনি জানান, হূদরোগে আক্রান্ত হয়ে আজাদ মারা গেছেন।