র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া যুবকের হাসপাতালে মৃত্যু
র্যাবের হাতে আহত অবস্থায় গ্রেপ্তার হওয়া এক যুবক (৪০) গতকাল রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।র্যাবের দাবি, গত শনিবার সন্ধ্যায় আদাবর থানাধীন মীনা বাজারের সামনে থেকে এই যুবককে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ওই যুবকের পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। তাতে নাম লেখা ছিল বিল্লাল হোসেন। বাবার নাম আবদুর রাজ্জাক। গ্রাম বড়গুহা মজুমদারবাড়ি, থানা কচুয়া ও জেলা চাঁদপুর। র্যাব-২-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩-এর ক্যাপ্টেন মাশকুরুর রহমান প্রথম আলোকে বলেন, কয়েকজন যুবক বড় ধরনের অপরাধ ঘটানোর প্রস্তুতি নিচ্ছে, এমন খবরের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে র্যাব-২-এর একটি দল মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে অভিযান চালায়। র্যাব দেখে ওই স্থানে আগে থেকে অবস্থান নেওয়া ছয়-সাতজন যুবক একটি মাইক্রোবাসে করে পালানোর চেষ্টা করে। র্যাবও তাদের পিছু ধাওয়া করে।ক্যাপ্টেন মাশকুরুর রহমানের দাবি, একপর্যায়ে মিনা বাজারের সামনে দিয়ে দ্রুত চলে যাওয়ার সময় মাইক্রোবাসটি কয়েকটি রিকশাকে ধাক্কা দেয়। এতে জনতা উত্তেজিত হয়ে মাইক্রোবাসটি লক্ষ্য করে ইট-কংকর নিক্ষেপ করলে মাইক্রোবাসটির কাচ ভেঙে যায় এবং ভেতরে থাকা যুবকদের একজন মাথায় গুরুতর আঘাত পান। এরপর অন্য যুবকেরা মাইক্রোবাসসহ আহত যুবককে ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে জনতার সহযোগিতায় র্যাব মাইক্রোবাসসহ আহত যুবককে গ্রেপ্তার করে এবং মাইক্রোবাস থেকে তিনটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১৬টি গুলিসহ ধারালো অস্ত্র উদ্ধার করে। গ্রেপ্তারের পর ওই যুবককে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় যুবকটি মারা যান।এ ব্যাপারে আদাবর থানায় একটি মামলা হয়েছে।