র্যাবের হাতে ছেলেসহ আটক পরে বাবার মৃত্যু
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে গত সোমবার রাতে আসবাব ব্যবসায়ী আবুল কালাম আজাদ (৪৪) ও তাঁর ছেলে আটক হয়েছিলেন। গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালে আবুল কালাম মারা গেছেন। র্যাব বলেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।র্যাব সূত্র জানায়, সোমবার রাতে র্যাব-১-এর একটি দল মহাখালীর সেনাকল্যাণ কমপ্লেক্সের এনএইচ এন্টারপ্রাইজ নামের একটি অডিও-ভিডিও সিডির দোকানে অভিযান চালায়। র্যাবের সদস্যরা পর্নো সিডি রাখার অভিযোগে ওই দোকান থেকে আবুল কালাম ও তাঁর ছেলে রিপন হাওলাদারকে আটক করেন। পরে তাঁদের র্যাব-১-এর উত্তরার কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল সকালে কালামের বুকে ব্যথা শুরু হলে তাঁকে উত্তরায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল আটটার দিকে তিনি মারা যান। দুপুরে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। র্যাবের সদস্যরা উপস্থিত থেকে কালামের ময়নাতদন্ত সম্পন্ন করিয়ে লাশ তাঁর বাসায় পাঠাতে সহযোগিতা করেন।কালামের ছেলে রিপন হাওলাদার মর্গে সাংবাদিকদের বলেন, শাহীনবাগে তাঁদের বাসার কাছে তাঁর বাবার আসবাবপত্রের দোকান আছে। মাঝেমধ্যে তিনি ছেলের সিডির দোকানে বসতেন। সোমবার রাতে র্যাবের সদস্যরা দোকান থেকে বাবা ও ছেলেকে আটক করে র্যাব-১-এর কার্যালয়ে নিয়ে যান। সেখানে তাঁদের দুজনকে পৃথক কক্ষে রাখা হয়। জিজ্ঞাসাবাদের সময় তাঁকে (রিপন) মারধর করা হয়। বাবাকে মারধর করা হয়েছিল কি না তা তিনি দেখেননি।কালাম সপরিবারে তেজগাঁওয়ের ৪২১, শাহীনবাগে থাকতেন।রিপন জানান, তাঁর বাবা গ্যাস্ট্রিকে ভুগছিলেন। তবে গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হলে ওষুধ খেলেই তিনি সুস্থ হয়ে যেতেন। তিনি আরও জানান, গতকাল সকালে র্যাবের কর্মকর্তারা তাঁকে বাবার অসুস্থ হওয়ার কথা জানান। এরপর তাঁকে ছেড়ে দেন এবং বাবাকে চিকিত্সার জন্য হাসপাতালে পাঠান।র্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক (এএসপি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান যে কালাম হূদরোগে আক্রান্ত হয়েছেন। তাঁরা কালামকে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়ার পরামর্শ দেন। তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে কালাম মারা গেছেন।অভিযান পরিচালনাকারী র্যাবের কর্মকর্তা মেজর মোস্তাক বলেন, ওই দোকান থেকে পর্নো সিডি উদ্ধার করা হয়েছে। হাসপাতালে কালাম মারা গেলে তাঁর ছেলেকে ছেড়ে দেওয়া হয়।