র‌্যাবের হায়দার ও জাকিরকে নিয়ে বেকায়দায় ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ কর্মকর্তা গৌতম হত্যায় জড়িত হিসেবে শনাক্ত তিন দুর্বৃত্ত—বাইট্টা জাকির, আহম্মদ আলী ও জামাল মল্লিক সরেজমিন বর্ণনা দিয়েছেন। গতকাল রোববার গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা গ্রেপ্তার করা তিনজনকে ঘটনাস্থলে নিয়ে কীভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তার বিবরণ শোনেন।এদিকে এ হত্যায় জড়িত হিসেবে র‌্যাবের গ্রেপ্তার করা হায়দার ও জাকিরকে নিয়ে বেকায়দায় পড়েছেন মামলার তদন্তকারীরা। এর আগে তাঁদের গ্রেপ্তারের পর র‌্যাব সংবাদমাধ্যমের সামনে হাজির করে এবং দাবি জানায়, এঁরাই গৌতমকে হত্যা করেছেন। তখন তাঁরাও সাংবাদিকদের সামনে একই কথা বলেছেন। কিন্তু এখন তদন্তে বেরিয়ে এসেছে, ব্যাপক নির্যাতনের মুখে তাঁদের দিয়ে আরেক ‘জজ মিয়া গল্পের’ অবতারণা করা হয়েছিল। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় মামলাটির তদন্তভার সূত্রাপুর থানা থেকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।এখন র‌্যাবের গ্রেপ্তার করা দোকান কর্মচারী জাকির ও লেদের লোহার গুঁড়ার (গর্দা মাল) ব্যবসায়ী হায়দারের কোনো সম্পৃক্ততার প্রমাণ না মেলায় তাঁদের অব্যাহতি দিয়েই অভিযোগপত্র প্রস্তুত করা হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। কিন্তু অভিযোগপত্র জমা দেওয়া পর্যন্ত তাঁদের মুক্তি পাওয়া অনিশ্চিত বলে জানা গেছে।সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, গৌতম হত্যার পরপর ঘটনায় জড়িত হিসেবে জাকির, হায়দার ও মানিক নামের তিন দুর্বৃত্তের নাম আসে। এরপর নিজেদের দক্ষতা জাহির করতে র‌্যাব তড়িঘড়ি করে হায়দার ও জাকির নামের এই দুজনকে ধরে গৌতমের খুনি সাজিয়ে গণমাধ্যমের সামনে হাজির করে। কিন্তু তার আগেই সূত্রাপুর থানার পুলিশ আহম্মদ আলী ওরফে হায়দার নামে আরেকজনকে গ্রেপ্তার করায় প্রশ্ন ওঠে, কে আসল হায়দার। তারপর ‘আসল’ জাকিরকে গ্রেপ্তারের পর র‌্যাবের হায়দার ও জাকির দুজনই নির্দোষ গ্রেপ্তার হিসেবে প্রমাণিত হন।অবশ্য র‌্যাবের এ বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে র‌্যাব কর্তৃপক্ষ কিছু বলেনি। তবে এর আগে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল প্রথম আলোকে বলেছিলেন, র‌্যাব শুধু আসামি ধরে দিয়েছে। মামলার তদন্তের দায়িত্বও তো র‌্যাবের নয়। এখন তদন্তকারী কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে প্রকৃত তথ্য বের করবে। তিনি আরও বলেন, তদন্ত পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে মন্তব্য করাও ঠিক নয়।এদিকে ঘটনায় জড়িত তিনজনকে গতকাল ঘটনাস্থল পুরান ঢাকার লালমোহন সাহা স্ট্রিটে নিয়ে যাওয়া হয়।জানতে চাইলে তদন্ত তদারককারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বাইট্টা জাকির, আহম্মদ আলী ও জামাল মল্লিক তিনজনই গলির মুখে দাঁড়িয়ে ১৯ এপ্রিল রাতে সূত্রাপুর থানার অপারেশন কর্মকর্তা গৌতম রায়কে হত্যার সরেজমিন বর্ণনা দেন। হত্যাকাণ্ডের সময় তাঁরা তিনজন যে যেখানে ছিলেন, সেখানে দাঁড়িয়েই তখন কে কী করেছেন সেই বর্ণনাগুলো কিছুটা অভিনয় করে দেখিয়েছেন, যা এর আগে তিনজনকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের সঙ্গেও মিল পাওয়া গেছে।ছানোয়ার হোসেন জানান, এখন হত্যাকাণ্ডে ব্যবহূত অস্ত্রটির খোঁজে আসামিদের জিজ্ঞাসাবাদ করা ও বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।পুলিশ সূত্র জানায়, গৌতম হত্যা মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন পুলিশের গ্রেপ্তারকৃত আহম্মদ আলী ওরফে হায়দার, র‌্যাবের গ্রেপ্তারকৃত হায়দার ও জাকির হোসেন, ডিবির হাতে গ্রেপ্তার জাকির ওরফে বাইট্টা জাকির, জামাল মল্লিক ও আবদুর রউফ ভুঁইয়া ওরফে সোহেল। মামলাটি এখন তদন্ত করছে ডিবি।মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তাঁরা নিশ্চিত হয়েছেন, গৌতম হত্যাকাণ্ডের সময় আহম্মদ আলী, বাইট্টা জাকির ও জামাল মল্লিক ঘটনাস্থলে ছিলেন। হত্যাকাণ্ডে ব্যবহূত অস্ত্রটি ছিল আবদুর রউফ সোহেলের জিম্মায়।ওঁরা পেশাদার সন্ত্রাসী: তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাইট্টা জাকির, আহম্মদ আলী ও জামাল মল্লিক তিনজনই পেশাদার অপরাধী। জাকির ছিঁচকে সন্ত্রাসী। তবে ডাকাত শহীদের দল ভেঙে যাওয়ার পর তাঁকে দলে ভেড়ানোর চেষ্টা করছেন ডাকাত শহীদ। আহম্মদ আলী জাকিরের হয়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদা আদায় করতেন। আর জামাল মল্লিক ধোলাইখাল এলাকায় গাড়ির যন্ত্রাংশ চোর চক্রের অন্যতম হোতা। ধোলাইখাল এলাকায় মূলত দুটি যন্ত্রাংশ চুরির চক্র রয়েছে। এর মধ্যে একটি নিয়ন্ত্রণ করেন জামাল মল্লিক।কর্মকর্তারা জানান, যন্ত্রাংশ চুরি চক্র চালাতে জামাল মল্লিকের প্রয়োজন হয় একজন পেশাদার সন্ত্রাসীর। এর আগে তাঁর সঙ্গে ছিলেন স্বপন নামের স্থানীয় এক সন্ত্রাসী। প্রতিপক্ষের গুলিতে গত মার্চে স্বপন নিহত হলে তাঁর স্থলে নেওয়া হয় জাকিরকে। জাকির সব সময় জামাল মল্লিকের সঙ্গেই থাকতেন। তাঁরা একসঙ্গে ঘোরাফেরা করতেন, নিয়মিত মাদক সেবন করতেন। জামাল মল্লিকের নিজের কাছেও অস্ত্র থাকে সব সময়।এ ঘটনায় সহযোগী হিসেবে গ্রেপ্তার করা অপরজন আবদুর রউফ ওরফে সোহেলের কোনো বৈধ আয়ের মাধ্যম খুঁজে পায়নি ডিবি। সোহেল দামি ফ্ল্যাটে থাকেন, দামি গাড়িতে চড়েন, তাঁর পারিবারিক অবস্থানও ভালো। সোহেলের আয়ের উৎস খুঁজতে গিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছেন গোয়েন্দারা।এমন মাইর মারছে...: গতকাল র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া জাকিরকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে জাকিরের স্ত্রী সুমী বেগমের সঙ্গে জাকিরের কথা হয়। এরপর জাকিরের স্ত্রী প্রথম আলোকে বলেন, ‘এমন মাইর মারছে, আমি দ্যাখতেই পারতাছিলাম না। এমন মাইর কেউ কাউরে মারে!’সুমী জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ডিবির হেফাজতে থাকায় তাঁর পরিবারের উপার্জন সম্পূর্ণ বন্ধ। পুলিশ-আদালতপাড়ায় ঘোরাঘুরি করতে তাঁর অর্থও ব্যয় হচ্ছে প্রচুর। এখন তিনি নিজের ভাড়া বাসা ছেড়ে বোনের বাসায় উঠেছেন।