র‌্যাবের ২ সদস্যকে সদর দপ্তরে রাখতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলায় আওয়ামী লীগের নেতার বাড়িতে অস্ত্র উদ্ধারের নামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানের ঘটনায় তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত র‌্যাবের দুই সদস্যকে সদর দপ্তরে রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিকেলে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।এ ব্যাপারে আগামী ১২ জুলাই পরবর্তী শুনানি ও আদেশের দিন ধার্য করা হয়েছে। ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে র‌্যাবের ওই দুই সদস্যকে। তাঁরা হলেন মেজর কামরুজ্জামান ও ডিএডি দেলোয়ার।আদালতের নির্দেশনা অনুসারে দুই কর্মকর্তা আজ হাইকোর্টে হাজির হন। শুনানিকালে আদালত বলেন, সমাজ ও মানবাধিকারের রক্ষায় তাদের (র‌্যাব) অবদান রয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, জনগণ তাদের ওপর ক্ষুব্ধ। র্যাব-পুলিশকে তারা ভয় পায়। তাদের উচিত জনগণের সেবক ও বন্ধু হওয়া। র‌্যাবের মধ্যে কেউ এ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো থাকলে অবশ্যই তাদের আইনগত প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে বলে মন্তব্য করেন আদালত।জানা যায়, সাতক্ষীরার সদর উপজেলার নতুয়াডাঙা গ্রামের শফিকুলকে সাজানো অস্ত্র মামলায় গ্রেপ্তারের চেষ্টা ও জনগণের অবরোধ তাঁকে ছেড়ে দেওয়ার সংবাদ গত ২৩ মে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ও সোসাইটি অব জাস্টিজের পক্ষে হাইকোর্টে রিট করা হয়। এর পরিপ্রেক্ষিতে ২৬ মে আদালত রুল জারিসহ কয়েক দফা নির্দেশনা দেন। অভিযানে অংশ নেওয়া মেজর কামরুজ্জামান ও ডিএডি দেলোয়ারকে ৯ জুন আদালতে সশরীরে হাজিরের নির্দেশ দেন। নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া তদন্ত কমিটি গঠন করে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।আজ বিকেলে র‌্যাব মহাপরিচালকের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে সন্ত্রাস ও জঙ্গি দমনে র‌্যাবের কর্মকাণ্ড তুলে ধরেন। আদালত ওই অভিযান সম্পর্কে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, শফিকুল ইসলামের বাড়ির পাশ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। ওই ঘটনায় বিভাগীয় তদন্ত হচ্ছে।আদালত বলেন, এ ঘটনা বিভিন্ন সংবাদপত্রে এসেছে। বেশ কিছুদিন আগে যাত্রাবাড়ীতে এক সাংবাদিককে র‌্যাবের সদস্যারা পিটিয়েছেন। সংবাদপত্র ও সাংবাদিকদের প্রশংসা করে আদালত বলেন, ‘পত্রিকা তো আমাদের বন্ধু। আমরা আদালতে বসে জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছি, সাংবাদিকেরা তাতে সহযোগিতা করছেন।’যোগোযোগ করা হলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার প্রথম আলোকে বলেন, র‌্যাবের মহাপরিচালক ও দুই সদস্যদের পক্ষে দুটি প্রতিবেদন দাখিল করা হয়েছে। ওই অভিযানে অংশ নেওয়া সদস্যদের নাম-ঠিকানা এবং অভিযানের কারণ বর্ণনা করা হয়েছে।