র্যাম্পে তারকারা
ফ্যাশন শোগুলোতে সাধারণত র্যাম্প মডেলদের বিভিন্ন ডিজাইনের পোশাক পরে ক্যাটওয়াক করতে দেখা যায়। কিন্তু রুপালি পর্দার শিল্পীরা যখন র্যাম্প মডেলদের মতো ক্যাটওয়াক করেন, তখন পুরো ব্যাপারটিই অন্য রকম হয়ে যায়। তেমনটি হলো গত রোববার বিকেলে। বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটের সিলেট ওয়ালটন সুপার ফাইটার দলের জার্সি ও লোগো উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টিভি ও চলচ্চিত্রের তারকারা র্যাম্প মডেল হয়েছেন। এই তারকারা হলেন: ফেরদৌস, আমিন খান, বাপ্পারাজ, নিপুণ, ইমন, নিরব, মোনালিসা, ফারিয়া ও ববি। র্যাম্পে তাঁরা সিলেট ওয়ালটন সুপার ফাইটার দলের জার্সি পরে ক্যাটওয়াক করেন। এখানেই শেষ নয়, তাঁরা ক্যাটওয়াকের মধ্য দিয়ে ক্রিকেট খেলার একটি অংশ উপস্থাপন করেন। তাঁদের সঙ্গে অংশ নেন পেশাদার র্যাম্প মডেলরাও। এর আগে সিলেট ওয়ালটন সুপার ফাইটার দলের জার্সি ও লোগো উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, দলটির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ আরও অনেকে।অনুষ্ঠানে র্যাম্পে অংশ নেন সিলেট ওয়ালটন সুপার ফাইটার দলের আইকন ক্রিকেটার অলক কাপালি। ইমরুল কায়েসসহ সিলেট দলের অন্য খেলোয়াড়েরা অংশ নেন বিভিন্ন পর্বে। সঙ্গে ছিল গান। অনুষ্ঠানটির তত্ত্বাবধান করেছে পেজ থ্রি। প্রতিষ্ঠানটির দুই কর্ণধার ইমন ও নিরব। তাঁরা জানান, সিলেট ওয়ালটন সুপার ফাইটার দলের এই অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো তাঁদের এই প্রতিষ্ঠানটির।