র্যাম্বো ৫ নিয়ে ব্যস্ত স্ট্যালোন
তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘র্যাম্বো’ সিরিজের পঞ্চম ছবির কাজে হাত দিয়েছেন হলিউডের ডাকসাইটে অ্যাকশন তারকা সিলভেস্টার স্ট্যালোন। এ মুহূর্তে ছবির কাহিনি ও চরিত্রের রূপরেখা তৈরিতে ব্যস্ত রয়েছেন ৬৫ বছর বয়সী এ অভিনেতা। এ প্রসঙ্গে এমটিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে স্ট্যালোন জানিয়েছেন, ‘জীবনের চূড়ান্ত উপসংহারের হিসেব-নিকেশ করতে গিয়ে নিজের ভাবনা ও অনুভূতির মিশেলে র্যাম্বো বুঝতে পারে আসলে তাঁর চূড়ান্ত গন্তব্য কী। উপলব্ধি করে, বীরের বেশে বিজয়ের স্ফুলিঙ্গ যিনি ছড়ান তিনিই হলেন র্যাম্বো। এ মুহূর্তে এমন গল্প ভাবনা নিয়েই “র্যাম্বো ৫” ছবির রূপরেখা তৈরি করছি।’উল্লেখ্য, র্যাম্বো সিরিজের প্রথম ছবি ‘ফার্স্ট ব্লাড’ মুক্তি পেয়েছিল ১৯৮২ সালে। ছবিতে মার্কিন সেনাবাহিনীর বিশেষ ফোর্সের সদস্য জন র্যাম্বো চরিত্রে অভিনয় করেন সিলভেস্টার স্ট্যালোন। ভিয়েতনাম যুদ্ধপরবর্তী প্রেক্ষাপটে নির্মিত ছবিটি বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক সাড়া ফেলে দেয়। প্রথম ছবির সাফল্যের তিন বছর পরে মুক্তি পায় এ সিরিজের দ্বিতীয় ছবি ‘র্যাম্বো: ফার্স্ট ব্লাড পার্ট-২’। ১৯৮৮ সালে মুক্তি পায় ‘র্যাম্বো ৩’ ছবিটি। প্রথম তিনটি ছবিতে নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি যৌথভাবে চিত্রনাট্য লেখার কাজও করেছেন স্ট্যালোন। সর্বশেষ ২০০৮ সালে মুক্তি পায় স্ট্যালোনের রচনা ও পরিচালনায় সিরিজের চতুর্থ ছবি র্যাম্বো। র্যাম্বো ৫ রচনা ও পরিচালনার দায়িত্বেও আছেন স্ট্যালোন।