রাজশাহীর চারঘাটে ১৪৪ ধারা উপেক্ষা করে জামায়াত ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে রাফিক বিন সাঈদীর ‘তফসিরুল কোরআন মাহফিল’ অনুষ্ঠান করতে গিয়ে গতকাল শনিবার র্যাব-পুলিশের ওপর হামলার ঘটনায় চারঘাট থানায় মামলা হয়েছে। মামলায় ৫৯ জনের নামসহ অজ্ঞাত আরও চার-পাঁচ হাজার মানুষকে আসামি করা হয়েছে।চারঘাট থানার উপপরিদর্শক আবুল হোসেন বাদী হয়ে এ মামলা করেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে গতকাল সন্ধ্যায় আটক ২৯ জনের মধ্যে জিজ্ঞাসাবাদ করে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ রোববার সকালে বাকি ২৬ জনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাজশাহীর মুখ্য বিচারিক হাকিম আদালত পাঠানো হয়েছে। গতকাল বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এলাকাবাসীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৩৩টি কাঁদানে গ্যাসের শেল এবং শটগান থেকে ৬৭টি ফাঁকা গুলি করে। এতে ১০ পুলিশ ও নারীসহ ৩০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২৯ জনকে আটক করেছে। এ সংঘর্ষে নেতৃত্ব দেওয়ার অভিযোগে পুলিশ চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাঈদকে গ্রেপ্তারের জন্য তাঁর বাড়িতে তল্লাশি চালায়। পুলিশ বলছে, অনুমতি ছাড়াই সাঈদীর ছেলের তাফসির মাহফিলের আয়োজন করা হয়। চারঘাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবু সাঈদের নির্দেশে এলাকার লোকজন ১৪৪ ধারা ভঙ্গ করে পুলিশের ওপরে হামলা চালায়।