লং মার্চে বাধা দিলে ‘টর্নেডো’ হরতালের হুমকি হেফাজতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা অভিমুখে আগামী ৬ এপ্রিলের লং মার্চ কর্মসূচি পালনে বাধা দেওয়া হলে পরদিন থেকে লাগাতার হরতালের হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর লালবাগ মাদ্রাসায় লং মার্চ সমন্বয় কমিটির সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা এ হুমকি দেন।সভায় হুঁশিয়ার করে দিয়ে নেতারা বলেন, আলেম-উলামা ও তৌহিদী জনতার ওই হরতাল হবে টর্নেডোর মতো।লং মার্চ কর্মসূচি পালনে সরকার সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছে হেফাজতে ইসলামের লং মার্চ বাস্তবায়ন সমন্বয় কমিটি। সভায় হেফাজতে ইসলামের খুলনা মহানগর কমিটির আহ্বায়ক মাওলানা গোলাম কিবরিয়া ও গাজীপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মুফতি সিরাজুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তাঁদের মুক্তির দাবি করা হয়। লং মার্চ সমন্বয় কমিটির আহ্বায়ক মাওলানা নুর হোসাইন কাসেমীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবদুল কুদ্দুস, জুনায়েদ আল হাবীব, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা আবদুর রব ইউসুফী, আবুল হাসানাত আমিনী প্রমুখ।