জনসংহতি সমিতি (এমএন লারমা) এই হত্যাকাণ্ডের জন্য জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার নেতৃত্বাধীন সমিতিকে দায়ী করেছে। তবে সমিতি অভিযোগ অস্বীকার করেছে
লংগদুতে জনসংহতি সমিতির চার নেতাকে গুলি করে হত্যা
রাঙামাটির লংগদু উপজেলার সদর ইউনিয়নে গতকাল মঙ্গলবার সকালে একদল সন্ত্রাসীর গুলিতে জনসংহতি সমিতি (এমএন লারমা) ও সহযোগী সংগঠনের চার নেতা নিহত হয়েছেন। তাঁদের সঙ্গে থাকা অপর তিনজনের ভাগ্যে কী ঘটেছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না।জনসংহতি সমিতি (এমএন লারমা) এই হত্যাকাণ্ডের জন্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছে। তবে সন্তু লারমার নেতৃত্বাধীন সমিতি এই অভিযোগ অস্বীকার করেছে। নিহত ব্যক্তিরা হলেন সমিতির রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক সুদীর্ঘ চাকমা (৩৮), সহযোগী সংগঠন যুব সমিতির লংগদু উপজেলা শাখার সদস্য জীবন চাকমা (২৫), পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা তথ্য ও প্রচার সম্পাদক গুণেন্দু চাকমা (২০) ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলার দীঘিনালা ডিগ্রি কলেজ শাখার সভাপতি সুখেন চাকমা (২০)।সমিতির রাঙামাটি জেলা সহসভাপতি ও বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা চারজনেরই লাশ উদ্ধার করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, লংগদু উপজেলার সদর ইউনিয়নের দোজর এলাকার মধ্যছড়া পাড়ায় সাংগঠনিক সভা শেষে সমিতির সাত নেতা-কর্মী অন্য এলাকায় যাওয়ার উদ্দেশ্যে বের হন। তাঁরা সকাল সাড়ে ১০টার দিকে নানিয়ারচর লংগদু সড়কে পৌঁছাল ওত পেতে থাকা একদল সশস্ত্র ব্যক্তি বের হয়ে এসে তাঁদের একেবারে কাছে গিয়ে গুলি করে। এতে তিনজন ঘটনাস্থলেই মারা যান এবং একজন গুরুতর আহত হন। কিছুক্ষণ পর তিনিও মারা যান। তাঁদের সঙ্গে থাকা অপর তিনজন দৌড়ে পালানোর সময় সশস্ত্র ব্যক্তিরা গুলি ছুড়তে ছুড়তে তাঁদের ধাওয়া করে। ওই তিনজনের ভাগ্যে কী ঘটেছে, তা জানা যায়নি। স্থানীয় লোকজনও কিছু জানাতে পারেনি। লংগদু থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চারজনের লাশ উদ্ধার করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়ি ও খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে এ হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়েছে। তবে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা ঘটনার সঙ্গে তাঁদের দলের কোনো কর্মীর জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। বাঘাইছড়ি প্রতিনিধি জানান, উপজেলার বাবুপাড়া থেকে বিক্ষোভ মিছিল উপজেলা প্রশাসন কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংগঠনের উপজেলা শাখার সহসভাপতি রাজেন্দ্র লাল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় সহসভাপতি ও বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, উপজেলা সহ-সাধারণ সম্পাদক জ্ঞানজিৎ চাকমা, যুব সমিতির উপজেলা শাখার সভাপতি যোশী চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক সুমেত চাকমা।অপরদিকে দীঘিনালা উপজেলার লারমা স্কয়ারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সমিতির উপজেলা শাখার সভাপতি প্রীতিময় চাকমা, যুব সমিতির উপজেলা সভাপতি সমীর চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের উপজেলা সভাপতি জ্ঞান চাকমা। এর আগে বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।