লংগদুতে জনসংহতি সমিতির তিনজনকে হত্যা
রাঙামাটির লংগদু উপজেলার সদর ইউনিয়নে জনসংহতি সমিতির (এমএন লারমা) জেলা সাংগঠনিক সম্পাদক সুদীর্ঘ চাকমাসহ (৪০) তিন নেতা-কর্মী নিহত ও একজন আহত হয়েছেন। সমিতির জেলা সহসভাপতি ও বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাটি শুনেছে বলে জানালেও সত্যতা নিশ্চিত করতে পারেনি।স্থানীয় সূত্রে জানা গেছে, সমিতির নেতা-কর্মীরা সকাল সাড়ে ১০টার দিকে মধ্যপাড়া থেকে বের হয়ে লংগদু-নানিয়ারচর সড়কে পৌঁছালে একদল সশস্ত্র ব্যক্তি তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনজন ঘটনাস্থলে মারা যান এবং একজন গুরুতর আহত হন। সুদর্শন চাকমা হত্যাকাণ্ডের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র ক্যাডাররা জড়িত থাকতে পারে বলে অভিযোগ করেছেন।তবে জনসংহতির (সন্তু) সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এ অভিযোগ অস্বীকার করেছেন। লংগদু থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আলী বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। তবে ঘটনা যে এলাকায় সংঘটিত হয়েছে, তা অনেক দুর্গম। আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।’