লংগদুতে হাতির আক্রমণে একজন নিহত
রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যা আদাম ইউনিয়নের চাল্লেতলী গ্রামে গতকাল শনিবার রাতে বন্য হাতির আক্রমণে মো. হাফিজ উদ্দিন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।হাতির আক্রমণে একই গ্রামে মো. ওসমান গণি (৩৫), মো. সোলাইমান (৩৫) ও মো. আবদুল মালেক (৫০) আহত হন। তাঁদের লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রাত নয়টা দিকে চাল্লেতলী গ্রামে ১০-১২টি হাতি গ্রামে ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যে গ্রামের বাড়িঘরে হামলা চালায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।ভাসান্যা আদাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জহির উদ্দিন বলেন, রাতে হাতির দল আসার পর গ্রামের লোকজন জীবন বাঁচানোর জন্য বিভিন্ন এলাকায় আশ্রয় নেয়। তবে হাতির আক্রমণের শিকার মো. হাফিজ ঘটনাস্থলেই মারা যান।লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক হাতির আক্রমণে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।