লংমার্চ প্রত্যাহারে ইমাম-ওলামার অনুরোধ
আগামীকাল শনিবারের লংমার্চ প্রত্যাহার করে হেফাজতে ইসলামকে সরকারের সঙ্গে আলোচনায় বসার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ইমাম-ওলামা সমন্বয় ঐক্য পরিষদ। আজ শুক্রবার সকালে রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন এ অনুরোধ জানান। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সেমিনার হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সম্মেলনে লিখিত বক্তব্যে মো. ইসমাইল হোসাইন বলেন, ‘বর্তমান সরকার “নাস্তিক” ব্লগারদের শাস্তির জন্য তদন্ত কমিটি গঠন ও কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তাদের শাস্তি বিধানে সরকার আন্তরিকতার পরিচয় দিচ্ছে।’ তিনি বলেন, ‘হেফাজতে ইসলামের প্রধান আল্লামা শাহ আহমদ শফী “নাস্তিক” ব্লগারদের শাস্তির বিধানে আন্তরিক হলে উনি যেন সরকারের সঙ্গে আলোচনায় বসেন।’ইসমাইল হোসাইন অভিযোগ করে বলেন, আসলে হেফাজতে ইসলামের মধ্যে জামায়াত-শিবিরসহ ১৮ দলের অনেক নেতা-কর্মী লুকিয়ে রয়েছেন। তাঁরা দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। তিনি বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা। আল্লাহ রাব্বুল আল-আমিনই এর হেফাজতকারী। কোনো মানুষের পক্ষে এর হেফাজত করা সম্ভব নয়।বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে ইসমাইল হোসাইন বলেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। এখানে এমন কিছুই হয়নি যে হেফাজতে ইসলামের নামে একটি মহল ফায়দা হাসিল করবে। লংমার্চ ও হরতালের নামে গাড়ি ভাঙচুর, হত্যা, নৈরাজ্য, অগ্নিসংযোগ, পুলিশ হত্যা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হচ্ছে। এটা সম্পূর্ণভাবে যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা। তিনি দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের গ্রেপ্তারেরও আহ্বান জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুফতি এস এইচ এম আরিফ বিল্লাহ, মাওলানা নূর মো. আহাদ আলী, মাওলানা হারুনুর রশিদ যুক্তিবাদী, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা কাজী মো. শফিকুল ইসলাম, মাওলানা আবদুল্লাহ মো. শাহীন প্রমুখ।