ঢাকায় আসতে না পারলে নিজ নিজ জেলা ও মহানগরে অবস্থান নেওয়ার নির্দেশ দিলেন হেফাজতে ইসলামের নেতারা
লংমার্চে আসতে পথে পথে বাধা দেওয়ার অভিযোগ
কথিত নাস্তিক ব্লগারদের শাস্তিসহ ১৩ দফা দাবিতে আজ শনিবার ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের লংমার্চ-পরবর্তী মহাসমাবেশ। সকাল ১০টায় সংগঠনের নেতা-কর্মীরা রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে জড়ো হয়ে মহাসমাবেশ করবেন। সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।এদিকে, লংমার্চের উদ্দেশে রওনা হওয়া নেতা-কর্মীদের বিভিন্ন স্থানে পুলিশ ও ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা মারধর এবং যানবাহন আটকে পথে পথে বাধা দেওয়ার অভিযোগ করেছে হেফাজতে ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে লালবাগ মাদ্রাসায় এক সংবাদ ব্রিফিংয়ে সংগঠনের নেতারা এই অভিযোগ করেন। লংমার্চ ও সমাবেশের অনুমতি দিয়ে আবার বাধা দেওয়ার ঘটনাকে সরকারের ‘মোনাফেকি’ চরিত্রের প্রকাশ বলে দাবি করেন তাঁরা।হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী এ সময় বলেন, লংমার্চে যোগ দিতে যাঁরা ঢাকায় আসতে পারবেন না, তাঁরা নিজ নিজ জেলা ও মহানগরে অবস্থান নেবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা রাস্তায় অবস্থান করবেন। অবশ্য, গতকাল বিকেল থেকেই শাপলা চত্বর এলাকায় অবস্থান নেওয়া শুরু করেন ঢাকায় থাকা হেফাজতে ইসলামের কর্মীরা। সন্ধ্যার পর তাঁরা মঞ্চ তৈরি শুরু করেন। রাত ১০টা পর্যন্ত কয়েক হাজার নেতা-কর্মী মতিঝিলে জড়ো হন। লংমার্চ-পরবর্তী সমাবেশে যোগ দিতে কিছু নেতা-কর্মী আগেই ঢাকায় এসেছেন। লংমার্চ সমন্বয় কমিটির নেতারা জানান, গতকাল জুমার নামাজের পর কুমিল্লা থেকে হেফাজতে ইসলামের কয়েক হাজার নেতা-কর্মীর একটি দল ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। রাতেই সাভার, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জসহ রাজধানীর আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক মাদ্রাসার ছাত্র ঢাকায় পৌঁছান।সংবিধানের মূলনীতিতে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ কথাটি পুনঃস্থাপন, ধর্মের অবমাননাকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান করে আইন পাস, দেশ থেকে মূর্তি অপসারণ, কথিত নাস্তিক ব্লগারদের শাস্তিসহ ১৩ দফা দাবিতে গত ৯ মার্চ চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় ওলামা-মাশায়েখ সম্মেলন থেকে লংমার্চ কর্মসূচি দেওয়া হয়।বিশেষ মোনাজাত ও শপথ: গতকাল আসরের নামাজের পর ঢাকায় জিহাদি বায়াত (দীন প্রতিষ্ঠার শপথ) ও লংমার্চের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। এর আগে সকালে লালবাগ মাদ্রাসায় লংমার্চের জন্য ৩১৩ জনের শহীদি কাফেলার শপথ করান তিনি। রাসুলের (সা.) ইজ্জত রক্ষার জন্য জীবন বিলিয়ে দেওয়ার শপথ নেন ৩১৩ জন। জুমার নামাজের পর লালবাগ শাহি মাদ্রাসায় লংমার্চ কর্মসূচির উদ্দেশ্য এবং এ নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে বক্তব্য দেন শাহ আহমদ শফী। এ সময় মতিঝিলের সমাবেশে অংশ নিতে মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়। ঢাকায় আসার পর থেকে শাহ আহমদ শফী লালবাগ মাদ্রাসায় আছেন। সেখানে বিভিন্ন স্থান থেকে আসা বিশিষ্ট আলেমরা তাঁর সঙ্গে দেখা করছেন। বৃহস্পতিবার রাতে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনূস আহমাদসহ তিনজন নেতা আহমদ শফীর সঙ্গে দেখা করতে যান। কিন্তু তিনি দেখা দেননি বলে হেফাজতে ইসলামের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়। বাধা দেওয়ার অভিযোগ: গতকাল সংবাদ ব্রিফিংয়ে মাওলানা জুনায়েদ বাবুনগরী অভিযোগ করেন, পুলিশ ও ছাত্রলীগের বাধার কারণে লংমার্চে অংশগ্রহণকারী লাখ লাখ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন। সরকার একদিকে সমাবেশের অনুমতি দিয়েছে, আরেকদিকে নানাভাবে পথে পথে বাধার সৃষ্টি করছে। সরকার পরিবহনমালিকদের গাড়ি না দেওয়ার জন্য নির্দেশ জারি করেছে। শুক্রবার ও শনিবার হরতাল দেওয়ার উল্লেখ করে মাওলানা জুনায়েদ বলেন, ‘সাপ্তাহিক ছুটির দিন, এমনকি রাতেও হরতাল বাংলাদেশে নতুন ঘটনা। আমরা অবাক হচ্ছি, একি কর্মকাণ্ড শুরু হয়ে গেল! ধর্মহীন নাস্তিক্যবাদের দালালেরা এ সরকারের সহযোগী হিসেবে কাজ করছে।’ তিনি বলেন, ‘যদি শাহবাগিরা শয়তানি কর্মকাণ্ডের জন্য বিনা অনুমতিতে মাসব্যাপী অবস্থান করতে পারে, তাহলে ইমানের দাবিতে তৌহিদি জনতা প্রয়োজনে মাস-বছরব্যাপী অবস্থান ও সমাবেশ করবে।’ব্রিফিংয়ে লংমার্চের উদ্দেশে চট্টগ্রাম থেকে আসা বাস বারইয়ারহাটে ভাঙচুর ও হেফাজতের নেতা-কর্মীদের মারধর করা, মাওয়া ও দৌলতদিয়া ফেরিঘাটে অর্ধশত বাস আটকে দেওয়া, হবিগঞ্জ থেকে আসা বাস নরসিংদীতে আটকে দেওয়ার অভিযোগ করা হয়। এ ছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর, মেলান্দহ, সাতক্ষীরার শ্যামনগর, রাজধানীর ডেমরা ও উত্তরা থানায় কয়েকজন কর্মীকে আটক করার কথা জানানো হয়। এর জন্য পুলিশ ও ছাত্রলীগকে দায়ী করেন হেফাজতের নেতারা।সরকারকে উদ্দেশ করে লংমার্চ সমন্বয় কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী বলেন, ‘এখনো সময় আছে, সব বাধা সরিয়ে নিন। নির্বিঘ্নে লংমার্চ করার সুযোগ করে দিন। নইলে কঠোর কর্মসূচি দেব।’ তিনি বলেন, ‘আমরা বারবার ঘোষণা দিয়েছি, আমাদের কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু আমাদের বলা হয়েছে, এখানে জামায়াত-শিবির আক্রমণ করতে পারে। আমরা আশঙ্কা করেছিলাম, ছাত্রলীগ-যুবলীগ আক্রমণ করতে পারে। সে আশঙ্কাই এখন বাস্তবে হচ্ছে।’সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুফতি মোহাম্মদ ওয়াক্কাছ, মাওলানা আনোয়ার শাহ, মাওলানা আবদুর রকিব, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা আবদুল জব্বার, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা মঈনুদ্দীন রুহি, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা জিয়া উদ্দীন, মুফতি মীজানুর রহমান, মাওলানা আবুল হাসানাত আমিনী প্রমুখ।