লংমার্চে বাধা দিলে দেশে আগুন জ্বলবে: হেফাজতে ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৬ এপ্রিলের ঢাকামুখী লংমার্চ সফল করতে সরকারের সহায়তা চেয়েছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর। তারা সরকারকে হুঁশিয়ার করে বলেছে, লংমার্চে বাধা দিলে বা বানচালের চেষ্টা হলে, সারা দেশে আগুন জ্বলবে। আজ বুধবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উল্টো দিকের একটি গলিতে লংমার্চ সফল করার লক্ষ্যে এক প্রচার সমাবেশ থেকে সংগঠনটির নেতারা এসব কথা বলেন। হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের আহ্বায়ক নূর হোসেন কাশেমী সরকারের উদ্দেশে বলেন, ঢাকায় সমাবেশের অনুমতি দেওয়া না হলে এবং কোনো ধরনের বাধা বা লংমার্চ বানচালের ষড়যন্ত্র করা হলে যে পরিস্থিতির সৃষ্টি হবে, তার দায় সরকারকেই নিতে হবে। সমাবেশে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের উপদেষ্টা আবদুল লতিফ নেজামী বলেন, ‘সরকারকে বলতে চাই, অনুমতি নিয়ে টালবাহানা করবেন না। লংমার্চ বাধাগ্রস্ত হলে যে বিরূপ প্রতিক্রিয়া হবে, তা সামাল দেওয়া সরকারের পক্ষে সম্ভব হবে না।’ লংমার্চের ঢাকার অন্যতম সমন্বয়কারী মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ দাবি করেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে লংমার্চ-মহাসমাবেশ করতে চাই। কিন্তু বাধা প্রদান করা হলে বা সমাবেশের অনুমতি না দিলে সারা দেশে দাউ দাউ করে আগুন জ্বলবে।’ হেফাজতে ইসলামকে দেশের সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন উল্লেখ করে তিনি দাবি করেন, ‘এই সংগঠনের দাবি উপেক্ষা করে কেউ ক্ষমতায় থাকতে পারবে না। ক্ষমতায় যেতেও পারবে না।’ সমাবেশে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। এতে বক্তব্য দেন ঢাকা মহানগরের অন্য নেতারা। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।