লংমার্চে সরকার উৎখাতের ষড়যন্ত্র হয়েছিল: আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপি হেফাজতে ইসলামকে নিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছিল। বিএনপিকে আলোচনায় আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাঁকা পথ বাদ দিয়ে সোজা পথে আসুন। অতীতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে, এবারও হবে।’ স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ বলেন, ‘আমরা গত সপ্তাহেই আলোচনায় বসতে চেয়েছিলাম। কিন্তু বিএনপি আসেনি। হেফাজতে ইসলামকে দিয়ে ভয় দেখিয়ে লাভ নেই। তবে এ আলোচনার আগে ক্ষয়ক্ষতি দুঃখজনক। আলোচনার মাধ্যমে সমাধান বেরিয়ে আসবে এবং বর্তমান সংবিধানেই সমাধান নিহিত আছে।’ আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত ‘রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্য’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।আওয়ামী লীগের নেতা সৈয়দ আশরাফ বলেন, বিএনপি হেফাজতে ইসলামকে চার দিন ঢাকায় রেখে তাদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে সরকার উৎখাত করতে চেয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন। বিএনপি কোটি টাকা দিয়ে তাদের ঢাকায় রাখতে পারেনি। দেশের বর্তমান পরিস্থিতিতে সরকার আতঙ্কিত নয়। কারণ, আমাদের আদর্শ সঠিক। নেতৃত্ব সঠিক থাকায় ভয়ের কারণ নেই। তবে আমরা অতি-বিশ্বাসী নই।’ আওয়ামী লীগের নেতা আশরাফ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার চলছে, চলবে। কোনো শক্তি নেই তা বাধাগ্রস্ত করার।’ হরতাল আইন করে বন্ধ করার বিষয়ে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এই নেতা বলেন, ‘এটা রাজনৈতিক বিষয়, আদালতে নিয়ে যাওয়া ঠিক নয়। জাজেরা (বিচারকেরা) কিন্তু গণতন্ত্রের জন্য সুখকর না। তাঁরাই যে গণতন্ত্রের জন্য আস্থাকবচ, এটা ভাবা ঠিক না।’ প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাংবাদিক আবেদ খান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু প্রমুখ।