লংমার্চে সরকারের দ্বিমুখী আচরণ ‘মোনাফেকি’
লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে সরকার দ্বিমুখী অবস্থান নিয়ে ‘ মোনাফেকির’ আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শুক্রবার বিকেলে রাজধানীর লালবাগ মাদ্রাসায় আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ অভিযোগ করেন সংগঠনের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী।আগামীকাল শনিবার ঢাকা অভিমুখে লংমার্চের উদ্দেশে রওনা হওয়া নেতা-কর্মীদের চট্টগ্রাম, সিলেট ও খুলনা, ফেনী, কুমিল্লাসহ বিভিন্ন জায়গায় পুলিশ ও ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ এনে এবং এর প্রতিবাদে সংবাদ ব্রিফিং করা হয়।মাওলানা জুনায়েদ বলেন, বাধার কারণে লাখ লাখ জনতা রাস্তায় দাঁড়িয়ে আছে। তিনি বলেন, সরকার একদিকে সমাবেশের অনুমতি দিয়েছে, আরেক দিকে নানাভাবে পথে পথে বাধার সৃষ্টি করছে। বাসের চালকদের হুমকি দিচ্ছে। এই দ্বিমুখী অবস্থান নিয়ে সরকার ‘মোনাফেকি’র কাজ করছে। জুনায়েদ জানান, লংমার্চে যোগ দিতে যাঁরা ঢাকায় আসতে পারবেন না, তাঁরা নিজ নিজ জেলা ও মহানগরে অবস্থান নেবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা রাস্তায় অবস্থান নেবেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম থেকে আসা লংমার্চের যাত্রীদের বাস বারইয়ারহাটে ভাঙচুর করেছে ছাত্রলীগ, তাঁরা হেফাজতের কর্মীদের মারধরও করে। এ ছাড়া মাওয়া ও দৌলতদিয়া ফেরিঘাটে অর্ধশত বাস আটকে দেওয়া হয়েছে। ফেনীতে হেফাজতের লংমার্চ বহর পুলিশ মারধর করে ছত্রভঙ্গ করে দিয়েছে। জামালপুর, সাতক্ষীরার শ্যামনগর ও নরসিংদীতে বেশ কিছু বাস আটকে দেওয়া হয়েছে।সরকারকে উদ্দেশ করে লংমার্চ সমন্বয় কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী বলেন, ‘এখনো সময় আছে সব বাধা সরিয়ে নিন। নির্বিঘ্নে লংমার্চ করার সুযোগ করে দিন। নইলে কঠোর কর্মসূচি দেব।’সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুফতি ওয়াক্কাছ, আনোয়ার শাহ, আবদুর রকিব, জাফরুল্লাহ খান, আবদুল জব্বার, আবদুর রব ইউসুফী, মইনুদ্দীন রুহি, মুফতি ফয়জুল্লাহ, মুফতি মীজানুর রহমান প্রমুখ।