লক্ষ্মীছড়িতে ব্রাশ ফায়ারে দুই তরুণ নিহত
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা সদরের দুর্গাছড়ি এলাকায় গত বুধবার রাত সোয়া আটটায় সশস্ত্র হামলায় আদিবাসী দুই তরুণ নিহত হয়েছেন। তাঁরা হলেন মনায়্যা চাকমা (২৫) ও শান্তিময় চাকমা (১৮)।বিভিন্ন সূত্রে জানা গেছে, বুধবার রাত সোয়া আটটায় লক্ষ্মীছড়ি থানা থেকে আনুমানিক ২০০ মিটার দূরে দুর্গাছড়ির একটি মোটরসাইকেল গ্যারেজের সামনে মনায়্যা চাকমা ও শান্তিময় চাকমা কথা বলছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে ব্রাশফায়ার করে। ঘটনাস্থলে মনায়্যা চাকমার মৃত্যু হয় এবং শান্তিময় চাকমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।জানা গেছে, মনায়্যা চাকমা লক্ষ্মীছড়ি উপজেলা সদরের শুকনাছড়ি গ্রামের ও শান্তিময় চাকমা দুর্গাছড়ি গ্রামের বাসিন্দা। শান্তিময় চাকমা লক্ষ্মীছড়ি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। মনায়্যা চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা) একজন সক্রিয় কর্মী এবং শান্তিময় চাকমা এই দলের সমর্থক ছিলেন।পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা) লক্ষ্মীছড়ি থানা শাখার সভাপতি ধীমান চাকমা মুঠোফোনে জানান, নিহত তরুণেরা তাঁদের দলের কোনো কর্মী বা সমর্থক নন। তাঁরা এলাকার নিরীহ তরুণ। তবে তিনি এই হামলার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করেন এবং হামলার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।ইউপিডিএফের তথ্য ও প্রচার শাখার সদস্য নিরণ চাকমা বলেন, এ ঘটনার সঙ্গে তাঁর দলের কোনো সম্পৃক্ততা নেই।লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, নিহত তরুণদের ব্যাপারে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। কেউ কেউ বলছেন, তাঁরা জনসংহতি সমিতির সমর্থক, আবার কেউ কেউ বলছেন, তাঁরা কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নন। এ ব্যাপারে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। হামলাকারীদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।কামরুল হাসান জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত লাশ দুটির ব্যাপারে কেউ কোনো খোঁজ-খবর নেয়নি। পুলিশ লাশগুলো ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা হাসপাতালে পাঠিয়েছে। থানায় এখনো কোনো মামলা হয়নি।