লক্ষ্মীছড়িতে র্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত ১
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা সদরের জুর্গাছড়ি গ্রামে আজ শুক্রবার ভোররাতে র্যাবের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। এ ঘটনায় অপর একজনকে আটক করা হয়েছে।র্যাবের দাবি, এ সময় তারা ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, দেশীয় তিনটি বন্দুক, দুটি পিস্তল, একটি রাইফেল ও বিভিন্ন অস্ত্রের ৫২টি গুলি উদ্ধার করেছে। তবে জনসংহতি সমিতির এক নেতা এ ঘটনাকে সাজানো নাটক বলে অভিহিত করেন।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭-এর একটি দল উপজেলা সদরে অবস্থিত জুর্গাছড়ি গ্রামে সন্ত্রাসীদের এক আস্তানায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং লক্ষ্মী রঞ্জন চাকমা (২০) নামের অপর এক যুবককে আটক করে। তবে পুলিশ তাত্ক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি।লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকা জনসংহতি সমিতির (সন্তু লারমা-সমর্থিত) নিয়ন্ত্রিত বলে জানা গেছে।অনিল চাকমা নামের এক ব্যক্তি নিজেকে লক্ষ্মীছড়ি উপজেলা জনসংহতি সমিতির নেতা পরিচয় দিয়ে প্রথম আলো অনলাইনকে জানান, র্যাব নিরীহ গ্রামবাসীদের ওপর আক্রমণ চালিয়েছে। তিনি দাবি করেন, যে ব্যক্তি নিহত হয়েছেন তিনি গতকাল বৃহস্পতিবার মহালছড়ি উপজেলার পশ্চিম ক্যাংঘাট এলাকা থেকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছেন। অনিল চাকমা নিহত ব্যক্তির আসল নাম জানাতে না পারলেও তাঁকে পশ্চিম ক্যাংঘাট এলাকায় কলি বাপ নামে সবাই চিনে বলে জানান। তিনি দাবি করেন, কলি বাপকে আটক করার পর র্যাব গুলি করে হত্যা করেছে। আর যাকে আটক করা হয়েছে সে ১৩ থেকে ১৪ বছরের কিশোর বলে দাবি করেন অনিল চাকমা। তিনি এলাকাটি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনাকে সাজানো নাটক বলে অভিহিত করেন।