লক্ষ্মীপুর ও লালমনিরহাটে ৩২ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর বসু এলাকায় এবং লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের গিলাবাড়ি ও জামুরটারী গ্রামে মোট ৩২ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ শনিবার তাদের শনাক্ত করা হয়।লক্ষ্মীপুর: আজ স্বাস্থ্য বিভাগের একটি অস্থায়ী চিকিৎসা ক্যাম্প লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর বসু এলাকায় ১৫ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী শনাক্ত করে। এ নিয়ে লক্ষ্মীপুরে গত দুদিনে মোট ৪০ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হলো।অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীরা হলেন মো. হারুন (৩৮), শিউলী আক্তার (৫), বেলায়েত হোসেন (৬০), লাল মিয়া (৩৫), আমিন মাঝি (৫৫), বিবি হাজেরা (২০) ও খতেজা আক্তারসহ মোট ১৫ জন। আক্রান্ত রোগীদের চর বসু এলাকার মঞ্জিলপাড়ায় স্বাস্থ্য বিভাগের অস্থায়ী চিকিৎসা ক্যাম্প করে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।জানা গেছে, স্থানীয় মফিজ ব্যাপারী পটুয়াখালী জেলার আমতলী থেকে একটি গরু এনে জবাই করে মাংস ভাগবাটোয়ারা করেন। ওই গরুর মাংস খেয়ে স্থানীয় ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানে ফোসকা ও ক্ষত দেখা দেয়। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাদাত হোসেন ওই এলাকায় গরুকে টিকা দেওয়ার জন্য গেলে তিনি আক্রান্তদের দেখে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত সিিভল সার্জন মো. মাহবুব জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের কাছে পর্যাপ্ত ওষুধ আছে। আর যাতে নতুন করে কেউ আক্রান্ত না হয়, সে ব্যবস্থাই নেওয়া হচ্ছে।লালমনিরহাট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের গিলাবাড়ি ও জামুরটারী গ্রামে আজ আরও ১৭ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ওই দুই গ্রামে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৬ জনে। অন্যদিকে লালমনিরহাট সদর উপজেলার কিশামত হারাটি গ্রামের অ্যানথ্রাক্স আক্রান্ত ৭৬ জনসহ এ সংখ্যা দাঁড়াল ১০২ জনে।জানা গেছে, অ্যানথ্রাক্সে আক্রান্ত ব্যক্তির সবাই ঈদের আগের দিন উপজেলার সাপ্টিবাড়ি হাট থেকে গরুর মাংস কিনে এনে খেয়েছিলেন। এরপর থেকেই তাঁদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত দেখা দেয়। খবর পেয়ে আজ একটি বিশেষ মেডিকেল টিম ওই স্থানে গিয়ে তাঁদের শনাক্ত করে। পরে উপজেলা স্বাস্থ্য বিভাগ অ্যানথ্রাক্স আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে।আদিতমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসানুল আদম ওই দুই গ্রামে ২৬ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে বলেন, আক্রান্ত এলাকায় বিশেষ মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। অ্যানথ্রাক্স রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে সবার সচেতন হওয়া প্রয়োজন।আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজ হাসান বলেন, অ্যানথ্রাক্স সমস্যা সমাধানে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অসুস্থ ও রোগাক্রান্ত গরু যাতে জবাই না হয়, সে জন্য সবাইকে সাবধান ও সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে প্রাণিসম্পদ বিভাগের কারও অবহেলা বা দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।