লক্ষ্মীপুরে একজনকে জবাই করে হত্যা
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর বসু এলাকায় আজ বুধবার সকালে বেলাল হোসেন (৩২) নামে একজনকে জবাই করে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় নিহতের ফুফা কোরবান আলীও আহত হন। পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল ১০টার দিকে ঈদের নামাজ পড়ার সময় চর বসু মসজিদের মুসল্লি কোরবান আলীর সঙ্গে পার্শ্ববর্তী নোয়াখালীর সুবর্ণচর উপজেলার জাহাজমারা এলাকার সবুজ সরদারের ঝগড়া হয়। এর জের ধরে বেলা ১১টার দিকে সবুজ সরদার ও তাঁর লোকজন জাহাজমারা এলাকায় লাঠিসোটা ও দা নিয়ে কোরবান আলীর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। ওই সময় ফুফা কোরবান আলীকে উদ্ধার করার জন্য এগিয়ে গেলে হামলাকারীরা ঘটনাস্থলেই বেলাল হোসেনকে জবাই করে হত্যা করে। খবর পেয়ে লক্ষ্মীপুরের কমলনগর এবং নোয়াখালীর সুবর্ণচর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বেলালের লাশ সুবর্ণচর থানার পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।