লক্ষ্মীপুরে এম এস ব্রিকের কার্যক্রম কেন অবৈধ নয়: হাইকোর্ট
লক্ষ্মীপুরের দত্তপাড়ার এম এস ব্রিক অ্যান্ড কোম্পানি নামের ইটভাটাটির কার্যক্রম পরিচালনা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তা বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না—তাও জানতে চেয়েছেন আদালত।আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক রিটের পরিপ্রেক্ষিতে আদেশ দেন।আদালত আগামী চার সপ্তাহের মধ্যে পরিবেশ, ভূমি, শিল্পসচিবসহ ১০ জনকে রুলের জবাব দিতে বলেছেন। পাশাপাশি ইটভাটার কার্যক্রম বন্ধ করতে অন্তর্বর্তীকালীন নির্দেশও দেওয়া হয়। গত বৃহস্পতিবার বেলা রিট আবেদনটি করে। আজ রিটের ওপর শুনানি শেষে আদালত এ আদেশ দেন।রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ইকবাল কবির। তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এবং জেলা প্রশাসনের আপত্তি উপেক্ষা করে ইটভাটাটির কার্যক্রম চলছিল। এর বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়।