লক্ষ্মীপুরে ক্ষমতাসীন দলের নেতারাও দলীয় চাঁদাবাজদের শিকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরাও দলীয় চাঁদাবাজদের শিকার বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদাবাজির অভিযোগে রায়পুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদের বিরুদ্ধে মামলা করেছেন জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন। একই অভিযোগে উপজেলা যুবলীগের সভাপতি এমরান হোসেন ওরফে এমুর বিরুদ্ধে মামলা করেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সফিকুল ইসলাম। সাধারণ ব্যবসায়ীরাও ক্ষমতাসীন দলের কর্মীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ।মামলার বাদী ছাত্রলীগের নেতা মনির পেশায় ঠিকাদার। তিনি প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের নাম ভাঙিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিচ্ছেন। চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে অনেকেই ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু আমিও তাঁদের বেপরোয়া চাঁদাবাজির কবল থেকে রেহাই পাইনি।’চাঁদাবাজি ও নির্মাণসামগ্রী লুটের অভিযোগে মনির গত ৯ মার্চ রামগঞ্জ থানায় মামলা করেন। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ, সাবেক সভাপতি লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন, ছাত্রলীগের নেতা টি এম বাহারকে আসামি করা হয়।মামলায় বাদী মনির অভিযোগ করেন, তাঁর ব্যবসায়িক অংশীদার মিজানুর রহমানের কাছ থেকে ৯ মার্চ পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন ছাত্রলীগের সভাপতি সৈকত ও তাঁর সঙ্গীরা। পরে মিজানের কাছ থেকে জোর করে দুই লাখ টাকার একটি চেকে সই করিয়ে নেন সৈকত। ওই দিনই দুপুরে সৈকতের নেতৃত্বে রামগঞ্জ উপজেলায় একটি নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়। ওই নির্মাণকাজটির দায়িত্ব ছিল তাঁর (মনির)। ওই সময় সৈকত তাঁর দলবল নিয়ে রাস্তার কাজে ব্যবহূত প্রায় তিন লাখ টাকার ৩০ ড্রাম বিটুমিন লুট করেন।তবে ছাত্রলীগের নেতা সৈকত প্রথম আলোকে বলেন, ‘চাঁদাবাজি করা হয়নি। মনির হোসেনের কাছে আমার এক আত্মীয় টাকা পাবেন। ওই টাকা আদায় করতে তাঁর ব্যবসায়িক অংশীদারের কাছ থেকে চেক নেওয়া হয়েছে। কিন্তু ব্যাংকে টাকা না পেয়ে বিক্ষুব্ধ কর্মীরা পরে রাস্তার কাজে ব্যবহূত বিটুমিন লুট করেন।’উপজেলার সমিতি বাজারের একাধিক দোকান মালিক অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা চাঁদা না পেয়ে ২০ মার্চ বাজারের সাতটি দোকান বন্ধ করে দেন। দোকানগুলো ১৫ দিন বন্ধ ছিল। পরে উপজেলা আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা বিষয়টি মীমাংসা করেন। শফিকুল ইসলাম নামের এক দোকান মালিক প্রথম আলোকে বলেন, ‘সমিতির বাজারে আমার একটি দোকান আছে। ওই দোকানের জন্য ৭৫ হাজার টাকা চাঁদা না দেওয়ায় দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছিল।’ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সফিকুল ইসলাম রামগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। গত ঈদুল ফিতরের দুই দিন আগে সফিকুলের ছেলে ও মেয়ে রামগঞ্জ শহরে ইফতারি কেনার জন্য আসেন। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি এমরানের নেতৃত্বে একটি দল তাঁদের কাছে দুই লাখ টাকা দাবি করে। একপর্যায়ে তারা সফিকুলের ছেলে তারিকুল ইসলামকে বেদম মারধর করে। এ ঘটনায় সফিকুল ইসলাম রামগঞ্জ থানায় মামলা করেন।সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার শ্রম, ঘাম ও অর্থে রামগঞ্জে দল চলে। দল ক্ষমতায় আসার পরপরই আমার ছেলে রামগঞ্জে চাঁদাবাজির শিকার হয়। দলীয় কিছু চাঁদাবাজের হামলায় আহত হয়। এসব চাঁদাবাজের কারণে ব্যবসায়ী ও সাধারণ মানুষ এখন অতিষ্ঠ।’সফিকুলের অভিযোগের জবাবে এমরান হোসেন বলেন, ‘চাঁদাবাজির অভিযোগ ঠিক নয়। ভুল বোঝাবুঝির কারণে ওই ঘটনা ঘটে।’সরকারদলীয় নেতা-কর্মীদের চাঁদাবাজি সম্পর্কে এলাকাবাসী আরও জানান, গত বছর ঈদুল ফিতরের পরদিন উপজেলার হোটাটিয়া বাজারে রাত সাড়ে ১০টার দিকে নোয়াগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল আহম্মেদ এক ব্যবসায়ীর দোকানে চাঁদা চাইতে গেলে ব্যবসায়ী ও এলাকাবাসীর ধারালো অস্ত্রের আঘাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা বেগম রামগঞ্জ থানায় মামলা করেন।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘বিচ্ছিন্ন চাঁদাবাজির ঘটনা ঘটছে, এটা সত্য। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম ভূঁইয়া বলেন, ‘রামগঞ্জের রাজনীতিতে সন্ত্রাস ও চাঁদাবাজি পুরোনো সমস্যা। চাঁদা না পেয়ে ঠিকাদারের রাস্তার কাজ বন্ধ করা এবং বিটুমিন লুটের অভিযোগে থানায় মামলা নেওয়া হয়।’ বাকি মামলাগুলোর সত্যতাও নিশ্চিত করেন তিনি।