লক্ষ্মীপুরে জেএসসি পরীক্ষার্থী অপহরণ, গ্রেপ্তার ১
লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামে গত শুক্রবার দুপুরে সৌরভ হোসেন নামে যুবলীগের এক নেতার নেতৃত্বে সন্ত্রাসীরা স্কুলছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে গেছে। অপহূতা এ বছরের জেএসসি পরীক্ষার্থী। আজ থেকে এই পরীক্ষা শুরু হয়েছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় মোজাম্মেল হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম সালাউদ্দিন বলেন, সৌরভ যুবলীগের কোনো কমিটিতে নেই।প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলার শাকচর ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহ্বায়ক সৌরভ হোসেনের নেতৃত্বে একটি মাইক্রোবাস ও ১০-১২টি মোটরসাইকেল নিয়ে সন্ত্রাসীরা শুক্রবার দুপুরে টুমচর গ্রামে জেএসসি পরীক্ষার্থীর বাড়িতে যায়। এ সময় ওই ছাত্রী ভয়ে ঘরের খাটের নিচে লুকানোর চেষ্টা করে। কিন্তু সন্ত্রাসীরা অস্ত্র ঠেকিয়ে ওই ছাত্রীকে খাটের নিচ থেকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। সৌরভ টুমচর গ্রামের হোসেন আহমঞ্চদ বেপারীর ছেলে। স্কুলছাত্রীর মা বলেন, ‘সৌরভের নেতৃত্বে সন্ত্রাসীরা আমার মেয়েকে তুলে নিয়ে গেল। আমার মেয়ের পরীক্ষায় অংশ নেওয়া হলো না।’ এ সময় বাড়ির লোকজন মসজিদে জুমার নামাজ আদায় করছিলেন। এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানায় অপহূতার চাচা বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার জানান, সৌরভ হোসেনসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে একটি অপহরণ মামলা হয়েছে।লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান বলেন, স্কুলছাত্রীকে উদ্ধারে সদর থানার ওসির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল অভিযান চালাচ্ছে। গতকাল সন্ধ্যায় মোজাম্মেল হোসেন (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতিতে চাচার সঙ্গে অপহূতা ভাতিজির সঙ্গে কথা হয়েছে। ভাতিজি বলেছে, সে ভালো আছে।