মাঝখানে এক দিন। মঙ্গলবারই ভোট গ্রহণ। কিন্তু লক্ষ্মীপুর সদর পৌরসভায় ‘তাহের ভয়’ কাটেনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। সহিংসতার আশঙ্কায় তিন মেয়র পদপ্রার্থী নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। তা না করা হলে তাঁরা নির্বাচন বয়কট করবেন এবং ভোটের দিন হরতালের ডাক দেবেন।গতকাল রোববার লক্ষ্মীপুর প্রেসক্লাবে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী হাসানুজ্জামান চৌধুরী (দোয়াত-কলম), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আ ন ম ফজলুল করিম (আনারস) এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা আহ্বায়ক জাকির হোসেন (তালা) সংবাদ সম্মেলন করে তাঁদের আশঙ্কার কথা জানান।তিন প্রার্থীই প্রতিটি ভোটকেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। তাঁদের আশঙ্কা, নির্বাচনে কারচুপি ও কেন্দ্র দখলের পরিকল্পনা করছেন সরকারি দল-সমর্থিত প্রার্থী ‘সন্ত্রাসের গডফাদার’ আবু তাহের। আগে নিরাপত্তার ব্যবস্থা না নিলে একযোগে নির্বাচন বয়কট এবং নির্বাচনের দিন হরতাল করার ঘোষণা দেন তিন প্রার্থী। তাঁরা অভিযোগ করেন, তাহের প্রশাসনে প্রভাব বিস্তার করছেন, সাধারণ ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছেন এবং আচরণবিধি লঙ্ঘন করছেন।আবু তাহেরকে নিয়ে গতকাল বিকেলে পাল্টা সংবাদ সম্মেলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন। তিনি অভিযোগ করেন, নির্বাচন বানচাল করার জন্য ওঁরা বিভিন্ন পাঁয়তারা করছেন। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তাঁরা অপপ্রচার চালাচ্ছেন। উল্লেখ্য, আলাউদ্দিন সম্পর্কে আবু তাহেরের বেয়াই হন।তিন প্রার্থীর যৌথ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আ ন ম ফজলুল করিম। তিনি বলেন, ১৯৯৮ সালে পৌরসভা নির্বাচনে তাহের ভয়ভীতি দেখিয়ে প্রার্থীদের এলাকা ছাড়া করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এবারও তাঁর ক্যাডাররা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রকাশ্যে হুমকি-ধমকি দিচ্ছে। বহিরাগতদের এনে বিভিন্ন ওয়ার্ডে রাখা হচ্ছে। অস্ত্রধারী ভাড়াটিয়া সন্ত্রাসীরা সাদা মাইক্রোবাস, মোটরসাইকেলে করে ওয়ার্ডে ওয়ার্ডে মহড়া দিচ্ছে।ফজলুল করিম অভিযোগ করেন, প্রশাসনকে সরকারি দলের ভয় দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা চলছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন শনিবার লক্ষ্মীপুর সফর করে যাওয়ার পর প্রশাসনের আচরণ ভোটারদের মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দলীয় নেতা-কর্মীদের প্রকাশ্যে শাসিয়েছেন এবং গালাগাল দিয়েছেন। আবু তাহেরকে বিজয়ী করার জন্য প্রশাসনের কর্মকর্তাদেরও শাসিয়ে গেছেন। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।সংবাদ সম্মেলনে বিএনপি-সমর্থিত প্রার্থী হাসানুজ্জামান চৌধুরী দাবি করেন, সাধারণ ভোটারদের হিসাবে তিনি এগিয়ে আছেন। এ কারণে অস্ত্রধারী সন্ত্রাসী ও সরকারদলীয় প্রভাব বিস্তার করে জয় ছিনিয়ে নেওয়ার পাঁয়তারা করছেন তাহের। তিনি বলেন, প্রশাসন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন করতে ব্যর্থ হলে তিন প্রার্থীই নির্বাচন বয়কট করবেন এবং ভোট গ্রহণের দিন হরতাল ডাকবেন।জাকির হোসেনও ফজলুল করিম ও হাসানুজ্জামানের বক্তব্য সমর্থন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান প্রশাসনের প্রতি।অভিযোগ আছে, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাহের লক্ষ্মীপুর জুড়ে ক্যাডার বাহিনী গড়ে তোলেন। এসব বাহিনীর নিয়ন্ত্রণ করতেন তাঁর বড় ছেলে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ফেরারি এ এইচ এম বিপ্লব। বিপ্লব আবারও এই বাহিনীকে সক্রিয় করার চেষ্টা চালাচ্ছেন বলে স্থানীয় গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র জানিয়েছে।দিগলীর কুখ্যাত তাজু বাহিনীর প্রায় ১০০ ক্যাডারও লক্ষ্মীপুর পৌর এলাকায় অবস্থান নিয়েছে বলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অভিযোগ করেছেন। এ ছাড়া পৌর এলাকাসংলগ্ন দত্তপাড়ার সন্ত্রাসী শামীম ও বসিকপুরের জেহাদি কাসেম বাহিনীও নির্বাচন উপলক্ষে সক্রিয়। বিপ্লব পেছনে থেকে এদের নেতৃত্ব দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।তাহেরের সংবাদ সম্মেলন: আবু তাহেরের পক্ষের সংবাদ সম্মেলনে আলাউদ্দিন বলেন, একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাসদস্যের স্ট্রাইকিং ফোর্স নির্বাচনী এলাকায় মহড়া দেবে, এটাই বরাবরের নিয়ম। কিন্তু তিন প্রার্থী নির্বাচন বানচাল করার জন্য কেন্দ্রে কেন্দ্রে ম্যাজিস্ট্রেট ও সেনা মোতায়েনের দাবি জানাচ্ছেন।আলাউদ্দিন দাবি করেন, এ পর্যন্ত আবু তাহেরের লোক কাউকে হুমকি-ধমকি দেয়নি। এসব মিথ্যা ও বানোয়াট অভিযোগ। বরং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটারদের টাকার বিনিময়ে প্রভাবিত করার চেষ্টা করছেন।প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর উদ্দেশে আলাউদ্দিন বলেন, ‘নির্বাচন প্রশ্নবিদ্ধ করে হরতাল আহ্বান করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করব।’আবু তাহের দাবি করেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। মিথ্যা অপবাদে অভিযুক্ত করা হচ্ছে তাঁকে। তাঁর দাবি, উল্টো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা তাঁদের কর্মীদের হুমকি দিচ্ছেন।সাংসদের সংবাদ সম্মেলন: স্থানীয় সাংসদ শহীদ উদ্দিন চৌধুরীও গতকাল বিকেলে তাঁর বাসভবনে পৃথক সংবাদ সম্মেলন করে লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে সহিংসতার আশঙ্কা করেন। তিনি বলেন, পৌর এলাকার বাইরে থেকে আবু তাহের সন্ত্রাসীদের এনে কেন্দ্র দখল, ভোট কারচুপির পরিকল্পনা করছেন এবং প্রতিপক্ষ প্রার্থীর ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। তিনি লক্ষ্মীপুরে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য উদ্যোগ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান দাবি করেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে। সব বাইরের গুজব। আচরণবিধি লঙ্ঘনের কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।অতিরিক্ত পুলিশ সুপার পরিতোষ ঘোষ বলেন, তিন মেয়র প্রার্থী নির্বাচন নিয়ে কিছু অভিযোগ করেছেন। প্রশাসন সব ব্যবস্থা নিয়েছে।রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোস্তফা বলেন, প্রার্থীরা অভিযোগ করেছেন। সুষ্ঠ নির্বাচনের জন্য প্রশাসনের প্রয়োজনীয় প্রস্তুতি আছে।