একক প্রার্থী দিয়ে পৌর মেয়র পদে বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগের উদ্যোগ লক্ষ্মীপুরে হোঁচট খেয়েছে। জেলার চারটি পৌরসভার তিনটিতেই মেয়র পদে আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছেন। অন্যদিকে বিএনপি রায়পুর বাদে বাকি সব পৌরসভায় একক প্রার্থী দিতে পেরেছে। জেলা প্রশাসন সূত্র জানায়, লক্ষ্মীপুরের চার পৌরসভায় মেয়র পদে ২০ জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগেরই প্রার্থী ১০ জন। বাকিদের মধ্যে বিএনপির পাঁচজন, জামায়াতের একজন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) একজন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী।আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীর মতে, কেন্দ্র থেকে মেয়র পদে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিচক্ষণতার অভাব ছিল। এর সঙ্গে দলীয় কোন্দল যুক্ত হওয়ায় আওয়ামী লীগ একক প্রার্থী দিতে পারেনি। ফলে আওয়ামী লীগের কেন্দ্র সমর্থিত প্রার্থীরা কিছুটা বেকায়দায় পড়েছেন। জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহিম প্রথম আলোকে বলেন, ‘প্রার্থীদের সমর্থন কেন্দ্র থেকে দিয়েছে। আমরা চেষ্টা করেও বাকিদের বসাতে পারিনি। এতে কিছুটা হলেও নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলছে।’জানা গেছে, লক্ষ্মীপুর সদর পৌরসভার মেয়র পদে একক প্রার্থী মনোনয়নের জন্য স্থানীয় আওয়ামী লীগ বৈঠক করেছিল গত ১২ ডিসেম্বর। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময় (১৯৯৬-২০০১) সন্ত্রাসের গডফাদার হিসেবে ব্যাপক সমালোচিত আবু তাহের ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আ ন ম ফজলুল করিম প্রার্থী হতে চাইলে সিদ্ধান্ত ছাড়াই ওই সভা শেষ হয়। তখন প্রার্থী নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় আওয়ামী লীগের জেলা কমিটিকে। জেলা কমিটি সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি কেন্দ্রে পাঠিয়ে দেয়। কেন্দ্র থেকে সমর্থন পান ‘গডফাদার’ আবু তাহের। তাহেরের পাশাপাশি এই পৌরসভায় প্রার্থী হয়েছেন আ ন ম ফজলুল করিম ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা সভাপতি জাকির হোসেন।দলীয় সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বহুল আলোচিত বিএনপির নেতা নুরুল ইসলামকে অপহরণ ও হত্যা মামলায় আবু তাহের ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন। এরপর জেলা আওয়ামী লীগের হাল ধরেন ফজলুল করিম। ফলে দলের তৃণমূলে ফজলুল করিমের শক্ত অবস্থান গড়ে ওঠে। এ অবস্থায় পৌর নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে আওয়ামী লীগের তৃণমূলের ভোট নিজের পক্ষে না-ও আসতে পারে, এমন শঙ্কা থেকে আবু তাহের নিজের বেয়াই ও জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিনের সহায়তায় প্রার্থী ঠিক করার বিষয়টি কেন্দ্রে পাঠান। তাহের কেন্দ্রের মনোনয়ন পেলেও দলের অপর দুই প্রার্থী ফজলুল করিম ও জাকির মাঠ ছাড়েননি।গতকাল শনিবার আলাউদ্দিন ও আবু তাহের সংবাদ সম্মেলন করে ফজলুল করিম ও জাকিরকে দল থেকে বহিষ্কার করার কথা জানান। পাল্টা সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আ ন ম ফজলুল করিম বলেন, লক্ষ্মীপুরকে আবারও সন্ত্রাসের জনপদ করার লক্ষ্যে তাঁকে বহিষ্কারের কথা বলা হচ্ছে। তিনি বলেন, ‘আবু তাহের জয়ী হলে লক্ষ্মীপুরে আবারও নারীরা নির্যাতিত হবে, মানুষ খুন হবে।’ ফজলুল করিম নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এই পৌরসভায় আওয়ামী লীগের তিন প্রার্থীর বিপরীতে বিএনপির একক প্রার্থী হলেন হাসানুজ্জামান চৌধুরী।রামগতি পৌরসভায় স্থানীয় আওয়ামী লীগ প্রার্থী করেছিল জেলা তথ্য ও গবেষণা সম্পাদক মেজবাহ উদ্দিনকে। কিন্তু আওয়ামী লীগের কেন্দ্র থেকে সমর্থন দেওয়া হয় সাবেক পৌর মেয়র আজাদ উদ্দিনকে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত নন বলে দলটির স্থানীয় নেতারা জানান। এখানে আজাদ উদ্দিনের ছেলে আরিফ চৌধুরী আওয়ামী ঘরানার আরেক প্রার্থী। রামগতিতে বিএনপির একক প্রার্থী শাহেদ আলী। কিন্তু জামায়াত প্রার্থী দেওয়ায় অস্বস্তিতে আছেন তিনি। রায়পুর পৌরসভায় মেয়র পদে প্রার্থীদের মধ্যে তিনজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁরা হলেন, ইসমাইল হোসেন, রফিকুল হায়দার ও মনজুরুল আলম। তাঁদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন দলীয় সমর্থন পেয়েছেন। বাকি দুজনকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হলেও তাঁরা প্রার্থী হিসেবে মাঠে সরব। অন্যদিকে বিএনপি রায়পুরে সমর্থন দিয়েছে এ বি এম জিলানীকে। তবে বেশ কয়েক বছর আগে বিএনপি থেকে বহিষ্কৃত নজরুল ইসলামও এখানে প্রার্থী হয়েছেন। একমাত্র রামগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের একক প্রার্থী রয়েছেন। সেখানে প্রার্থী হয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ। আর বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান হোসেন পাটোয়ারি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন প্রথম আলোর কাছে দাবি করেন, লক্ষ্মীপুর বিএনপি-অধ্যুষিত এবং একক প্রার্থী দেওয়ায় তাঁরা সুবিধাজনক অবস্থানে আছেন।