লক্ষ্মীপুরে দিদারুল হত্যার ঘটনায় পাল্টাপাল্টি মামলা
লক্ষ্মীপুরে যুবদল নেতা দিদারুল আলম হত্যার ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করা হয়েছে।দিদারুলের স্ত্রী রেহানা আক্তার বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় ৫০ জনকে আসামি করে বুধবার রাতে একটি মামলা করেন। এ মামলায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নিরাপত্তা সমন্বয়কারী লে. কর্নেল (অব.) আবদুল মজিদকে প্রধান আসামি করা হয়। অপরদিকে বিজয়নগর এলাকার বিএনপি-সমর্থক জহিরুল ইসলাম জেলা বিএনপির সভাপতি সাংসদ আবুল খায়ের ভূঁইয়াকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।রেহানা আক্তার জানান, সাংসদ খায়ের ভূঁইয়া তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। মামলা, দাফন ও কুলখানির খরচ দলীয়ভাবে দেওয়া হবে। দলীয় নেতাদের সঙ্গে আলাপ করে মামলাটি থানায় দায়ের করা হয়েছে।এদিকে সাংসদ আবুল খায়ের ভূঁইয়ার সমর্থকেরা গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার দালাল বাজারে এক প্রতিবাদ সভা করেন। বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন যুবদল নেতা রেজাউল করিম, শাহাদাৎ হোসেন, বিএনপির নেতা ও দালাল বাজার ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, বিএনপির নেতা নুরুল আমিন, জেলা ছাত্রদলের সভাপতি মো. হারুনুর রশিদ প্রমুখ। বক্তারা বলেন, আবদুল মজিদকে এলাকায় নির্বাচনী গণসংযোগ করতে হলে বিএনপি ও অঙ্গসংগঠনের সঙ্গে আলাপ করে মাঠে নামতে হবে। সভার আগে দালাল বাজারে একটি মিছিল বের করা হয়।লক্ষ্মীপুর সদর থানার ওসি গোলাম সরওয়ার জানান, হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে।